কুড়িগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম সদর হাসপাতাল এলাকায় সরকারি জায়গার দখল নিয়ে দু'দলের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
শুক্রবার দুপুর ও বিকালে দু'দফায় এ সংঘর্ষ হয়।
আহতদের মধ্যে সবেবর রহমান (৫৫), তার ছেলে রিপন (২৮) ও রোহাবকে (২৫) কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের নাম জানা যায়নি।
আরো সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ওসি মইনুল হক বলেন, বেলা সোয়া ১২টার দিকে সদর হাসপাতাল গেটের পাশে একটি সরকারি জায়গায় দোকান ঘর তোলার চেষ্টা করে সবেবর ও তার লোকজন।
প্রতিপক্ষ আয়নালের লোকজন বাধা দিলে এ সময় সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
বিকাল ৪টার দিকে সবেবরের লোকজন আয়নালের বাড়িতে হামলা চালায়। আইনালকে বাড়ি না পেয়ে তারা হাসপাতাল মোড়ে আইনালের ফলের দোকান ও আরো দু'টি চায়ের দোকান ভাংচুর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24