কুড়িগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুনে ঝলসে গেছে খাইরুল নামের চার বছরের ছেলেটি। এক সপ্তাহ চিকিৎসা করাতেই শেষ হয়ে গেছে দরিদ্র বাবা-মার হাতের জমানো সব টাকা। সন্তানকে বাঁচাতে জরুরি ঢাকা নেওয়া প্রয়োজন। তাই সবার কাছে ছুটছেন সাহায্যের আকুতি নিয়ে।
খাইরুল দিনমজুর মুসা আলীর (৫০) ছেলে। তাদের বাড়ি জেলার নাগেশ্বরী উপজেলার দুর্গম চর নারায়ণপুরে।
গত ১০ মার্চ ঘরে আগুনে লাগলে খাইরুলও পুড়ে যায়। এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
চিকিৎসক বলছেন- এখনো ঢাকা নেওয়া গেলে হয়তো বাঁচানোও যেতে পারে শিশুটিকে।
কুড়িগ্রাম সদর হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বিছানায় সাদা ব্যান্ডেজে মোড়া শিশু খাইরুল যন্ত্রণায় ছটফট করছে। পিঠের সবটুকু এবং দুই হাত-পায়ের বেশিরভাগ অংশ পুড়ে গেছে তার।
হাসপাতালের আবাসিক চিকিৎসক নজরুল ইসলাম বলেন, শিশুটির অবস্থা ভাল না। জরুরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করতে পারলে হয়তো সে ভালো হয়ে যেত। কিন্তু পরিবারটির সে সামর্থ্য নেই।
খাইরুলের বাবা মুসা আলী বলেন, নিজের কোনো জায়গা-জমি না থাকায় নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের পাশে দুইটি ছাপড়া ঘর তুলে বসবাস করেন মুসা।
তিনি জানান, ১০ মার্চ খাইরুলকে ঘরে রেখে নদীতে গোসল করতে যান তার মা হানুফা। ওই সময় বাড়িতে আগুন লাগে। পাশের বিজিবি ক্যাম্পের সদস্যরা এসে দগ্ধ শিশুটিকে উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24