২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের মানুষ খাবারের জন্য কষ্ট পাবে না: হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভর্তুকির জন্য যত টাকাই লাগুক, দেশের মানুষকে কষ্ট দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভর্তুকির জন্য যত টাকাই লাগুক, দেশের মানুষকে কষ্ট দেওয়া হবে না। বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকালে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় শেখ হাসিনা এ কথা বলেন। ওএমএসে প্রতি কেজি চাল ২৪ টাকায় দেওয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই চাল প্রতি কেজি ৪০ টাকা দরে আমদানি করা হচ্ছে। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর চালের দাম কত বেড়েছিলো, আর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এসে চালের দাম কত কমিয়েছে- তা তুলনা করতে সবার প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী দাবি করেন, আওয়ামী লীগ ২০০১ সালে ক্ষমতা ছাড়ার আগে প্রতি কেজি চালের দাম ছিলো ১০ টাকা, বিএনপি ক্ষমতায় এলে চালের দাম বেড়ে যায়। "ক্ষমতায় গিয়ে চালের দাম কেন কমাতে পারলেন না- তার জবাব তাকে দিতে হবে।" তিনি বলেন, এবার ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার চালের দাম কেজি প্রতি ৪৫ টাকা থেকে কমিয়ে ১৮ টাকা করেছিলো। কিন্তু, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চালের দাম কিছুটা বাড়ানো হয়েছে। "এখন ৩৩-৩৫ টাকা কেজিতে চিকন চাল পাওয়া যাচ্ছে।" প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের সময় দু'লাখ ২১ হাজার বেকার যুবক ও যুব মহিলার সরকারি কর্মসংস্থান নিশ্চিত করা হয়েছে। বিরোধীদলের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, যারা স্বাধীনতাবিরোধীদের পদলেহন করে তারা আর যাই করুন, তাদের দিয়ে দেশের মানুষের ভালো হবে না। তাদের লক্ষ্যই হলো ক্ষমতা দখল আর দুর্নীতি ও সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া। বঙ্গবন্ধুকে স্মরণ করে তার কন্যা আরো বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু না জন্মালে আমরা আমাদের আত্ম পরিচয় পেতাম না। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন, ৯০ এ কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমরা জামায়াত ও জাতীয় পার্টির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করতে পারতাম। কিন্তু, তা করিনি। বিএনপি জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মোহাম্মদ নাসিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। বিডিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯১৩ ঘ.