মাদারীপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে।
উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহত সঙ্গীতা বৈদ্যকে (১৪) রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে চৌয়ারীবাড়ী হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান সাংবাদিকদের বলেন, সঙ্গীতার বাবা বিভীষণ বৈদ্যের জমি প্রতিবেশী এক প্রতিপক্ষ জোরপূর্বক দখল করতে গেলে তিনি বাধা দেন।
এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন বিভীষণকে মারধর শুরু করে।
সঙ্গীতা বাবাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে প্রতিপক্ষের লোকজন রামদা দিয়ে তার মাথায় আঘাত করে।
এ ব্যাপারে রাজৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
রাজৈর হাসপাতালের চিকিৎসক প্রদীপ কুমার জানান, সঙ্গীতার মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৭৩৪ ঘ.
bdnews24