২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষবারের মতো সংসদ প্রাঙ্গণে দেলোয়ার

শেষবারের মতো জাতীয় সংসদ প্রাঙ্গণে নিয়ে আসা হলো খোন্দকার দেলোয়ার হোসেনকে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকারসহ সংসদ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 02:43 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষবারের মতো জাতীয় সংসদ প্রাঙ্গণে নিয়ে আসা হলো খোন্দকার দেলোয়ার হোসেনকে। সেখানে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্পিকারসহ সংসদ সদস্যরা। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে আসা হয়। মরহুমের নামাজে জানাজার পর স্পিকার আবদুল হামিদের পক্ষে সরকারি দলের প্রধান হুইপ আব্দুস শহীদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খোন্দকার দেলোয়ার ১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ, ১৯৯১ সালের পঞ্চম সংসদ, ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি ষষ্ঠ সংসদ ও ১৯৯৬ সালের জুনে সপ্তম সংসদ এবং ২০০১ সালে অষ্টম সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি অষ্টম সংসদে সরকারি দলের প্রধান হুইপের দায়িত্ব পালন করেন। পঞ্চম ও ষষ্ঠ সংসদেও তিনি একই দায়িত্ব পালন করেন। আর সপ্তম সংসদে তিনি ছিলেন বিরোধী দলীয় প্রধান হুইপ। সংসদ ভবন প্রাঙ্গণে মরহুমের কফিনে বিরোধী দলীয় নেতার পক্ষে মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, আমির খসরু মাহমুদ চৌধূরী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ পুস্পমাল্য অর্পণ করেন। পরে পার্লামেন্টস মেম্বারস ক্লাব, সংসদের প্রধান হুইপের পক্ষ থেকেও পুস্পমাল্য অর্পণ করা হয়। বিএনপি মহাসচিব দেলোয়ার (৭৮) বুধবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। বৃহস্পতিবার মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আরমানিটোলা খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাজধানীতে খোন্দকার দেলোয়ারের পাঁচটি জানাজা হবে। এরপর বিকালে আবার বারডেমের ময়েচুয়ারিতে মরদেহ রাখা হবে। শনিবার মরহুমকে মানিকগঞ্জে তার গ্রামের বাড়িতে দাফন করা হবে। সকাল সোয়া ১১টার দিকে সংসদের দক্ষিণ প্লাজায় কালো কাপড়ে ঢাকা একটি মঞ্চে খোন্দকার দেলোয়ারের কফিন এনে রাখা হয়। স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সংসদ সদস্য রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, এম কে আনোয়ার, তরিকুল ইসলাম, ওসমান ফারুক, হাফিজ উদ্দিন আহমেদ, মাহমুদুল হাসান, সাবেক বিরোধী দলীয় নেতা আ স ম আবদুর রব, রাজনীতিবিদ চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, চট্টগ্রাম সিটি মেয়র মনজুর আলমসহ বিভিন্ন দলের সাংসদ ও অবসরপ্রাপ্ত সাবেক কর্মকর্তারা সেখানে দেলোয়ারের জানাজায় অংশ নেন। জমার পর মরহুমের জানাজা হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। আর আসরের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনার ও হাইকোর্ট প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুুষ্ঠিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/সিএস/জেকে/১৩০৫ ঘ.