ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ির কাজলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সিদ্দিকুর রহমান (২৪) যাত্রবাড়ীর সুতিখাল পাড়ের বাসিন্দা।
এর আগে ১৪ মার্চ কেরানীগঞ্জের কৈতব্যপাড়া পাতিল পট্টিতে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা করে জনতা। গত বছর দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় আরো অন্তত ছয় যুবক নিহত হয় গণপিটুনিতে।
যাত্রাবাড়ি থানার ওসি কেএম আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে সিদ্দিকের পরিবারের সদস্যরা এসে লাশ সনাক্ত করে। পরে সকাল ১০টায় দিকে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।
গত বছর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজধানীর কদমতলী থানা এলাকায় ডাকাত সন্দেহে পাঁচজনকে পিটিয়ে হত্যা করে জনতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/জেকে/১২৩১ ঘ.
bdnews24