লন্ডন, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্ভাবনাময় বিনিয়োগকারীদের জন্য ব্রিটেনের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে। এক্ষেত্রে ৫০ লাখ পাউন্ড বিনিয়োগ করে যে কেউ পেতে পারেন স্থায়ী আবাসন সুবিধা।
বুধবার দেশটির স্বরাষ্ট্র দপ্তর এ ঘোষণা দিয়েছে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, ধনী বিদেশিরা খুব সহজেই বড় অংকের অর্থ বিনিয়োগ করে ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
এতে বলা হয়েছে, যেসব বিদেশি বিনিয়োগকারী ব্রিটেনে ৫০ লাখ পাউন্ড বিনিয়োগ করবেন তারা তিন বছরের মধ্যে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন।
তবে এক কোটি পাউন্ড বিনিয়োগ করলে এ সুযোগ আসবে আরো এক বছর আগেই।
দেশটিতে উদ্যোক্তাদের বিনিয়োগে আগ্রহী করে তোলার জন্য এই নতুন 'উদ্যোক্তা ভিসা'র প্রচার চালাবে ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট (ইউকেটিআই)।
স্বরাষ্ট্র দপ্তর বলছে, তিন বছর মেয়াদের মধ্যে যেসব উদ্যোক্তা ১০ জনের কর্মসংস্থান সৃষ্টি করতে পারবে অথবা একই সময়ের মধ্যে ৫০ লাখ পাউন্ড লেনদেন করবে তাদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী আবাসনের ব্যবস্থা করে দেওয়া হবে।
পাশাপাশি ব্রিটিশ সরকার বিদেশি বিনিয়োগকারীদের তহবিল স্থানান্তর এবং ব্যবসায় সহযোগিতা দেবে বলেও জানিয়েছে দপ্তর।
অভিবাসন মন্ত্রী ড্যামিয়ান গ্রিন বলেন, যুক্তরাজ্য ব্যবসায়ীদের জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছে। যারা সর্বোচ্চ বিনিয়োগ করতে চায় এবং এখানে থাকতে আগ্রহী আমরা তাদেরকে চাই।
"আমাদের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা বিশেষ ভূমিকা রাখতে পারে", বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১২ ঘ.
bdnews24