২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারীতে সাংবাদিকদেরকে প্রাণনাশের হুমকি

জুয়ার আসর সম্পর্কিত সংবাদ পরিবেশন করায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্থানীয় সংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

কুড়িগ্রাম, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুয়ার আসর সম্পর্কিত সংবাদ পরিবেশন করায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় স্থানীয় সংবাদিকদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রৌমারী স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা এই হুমকি দিচ্ছে বলে অভিযোগে বলা হয়েছে। এর আগে বুধবার রাত ৮টার দিকে রৌমারী বাজারে স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। প্রাণনাশের হুমকিতে সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রৌমারী থানায় দায়ের করা অভিযোগে বলা হয়েছে, রৌমারী বাজারে আমার দেশ পত্রিকার স্থানীয় প্রতিনিধি আশরাফ হোসেনের অফিসে বুধবার সন্ধ্যায় সংবাদ সংক্রান্ত কাজে কয়েকজন সাংবাদিক অবস্থান করছিলেন। রাত ৮টার দিকে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীরুল ইসলাম, সাধারণ সম্পাদক সেতু সরকার, সাংগঠনিক সম্পাদক সহিবর রহমান, সদস্য শাহিন, লুৎফর, মিষ্টার, কালামসহ ১০-১২ জনের একটি দল সেখানে হামলা চালায়। তারা সাংবাদিক রফিকুল ইসলাম সাজু, কুদ্দুস বিশ্বাস, এম এ বাসেত, নাজমুল আলমকে লাঞ্ছিত করে। সাংবাদিক রফিকুল ইসলাম সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় যাত্রা-জুয়াসহ অপরাধমূলক কার্যকলাপ চলে আসছে। এ সংক্রান্ত সংবাদ জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে রৌমারী স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা বুধবার রাতে ওই হামলা চালায় ও চার সাংবাদিককে লাঞ্ছিত করে। এ ঘটনায় সাংবাদিকরা থানায় সাধারণ ডায়রি করেছেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নবীরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করার বিষয়ে ঐসব সাংবাদিকের কাছে কৈফিয়ত চাওয়া হয়।" রৌমারী থানার ওসি হরেশ্বর রায় সাংবাদিকদের উপর হামলার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে জিডি হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০২৩ ঘ.