ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার পালিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
বৃহস্পতিবার সকাল ৭টায় রাজধানীর ধানমণ্ডিতে ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের নেতাদের সঙ্গে দ্বিতীয় দফা পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এরপর যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ওলামা লীগ ও বঙ্গবন্ধু পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়।
ধানমণ্ডির কর্মসূচি শেষে শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টার প্রতি শ্রদ্ধা জানান তারা। ফুল দেওয়ার পর বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়ি ঘুরে দেখেন রাষ্ট্রপতি।
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ছিল সরকারি ছুটির দিন। দিবসটি উপলক্ষে বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, শিশু একাডেমী, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, জাতীয় গ্রন্থকেন্দ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করে।
এসব কর্মসূচির মধ্যে ছিলো- বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বই মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি প্রামাণ্য চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী।
বিকালে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এক আলোচনা সভা ও বিশেষ প্রার্থণার আয়োজন করে।
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমপিএ) উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে আয়োজন করা হয় ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প ও রক্তদান কর্মসূচির।
এর আগে বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে শুরু হয় এ দিবসের কর্মসূচি।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় শেখ লুৎফর রহমান ও মোসাম্মৎ সায়রা বেগমের সংসারে জন্ম নেন শেখ মুজিবুর রহমান। চার মেয়ে ও দুই ছেলের মধ্যে মুজিব ছিলেন তৃতীয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিজ বাসভবনে ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কিউএইচ/এমএইচসি/এমআই/এএল/জেকে/১৯৫৮ ঘ.
bdnews24