২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ কারণে ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের শাখা আছে- এ কারণে তার অপসারণ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি এবং যুক্তরাষ্ট্রে গ্রামীণ ব্যাংকের শাখা আছে- এ কারণে তার অপসারণ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ কথা বলেন। "যুক্তরাষ্ট্রের মানুষের সঙ্গে ড. ইউনূসের ভালো সম্পর্ক আছে। এ কারণে আমরা তার অপসারণে প্রতিক্রিয়া জানিয়েছি।" রাজধানীতে ব্র্যাক সেন্টার ইনে দুদিনব্যাপী যুক্তরাষ্ট্র শিক্ষামেলা ২০১১ উদ্বোধনের সময় এ কথা বলেন মরিয়ার্টি। বেশি বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে ড. ইউনূসকে অপসারণে গত ২ মার্চ আদেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। এর পরদিন মরিয়ার্টি বলেন, ইউনূসকে অপসারণের প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র বিচলিত। অপসারণ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস হাইকোর্টে একটি রিট আবেদন করেন ৩ মার্চ। একইদিন গ্রামীন ব্যাংকের ১২ পরিচালকের নয়জনও ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করেন। রিট দুটি খারিজ হওয়ার পর ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে গত ৯ মার্চ আবেদন করেন ইউনূস। আদেশ স্থগিত না করে মঙ্গলবার ওই আপিলের শুনানি দু সপ্তাহের জন্য মুলতবি করে আপিল বিভাগ। এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবার্ট ও ব্লেকের বাংলাদেশ সফর প্রসঙ্গে মরিয়ার্টি জানান, দুদেশের সম্পর্ক উন্নয়নে তিনি বাংলাদেশ সফরে আসছেন। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রবার্ট চারদিনের সফরে শনিবার ঢাকা আসছেন। গত বছরের ডিসেম্বর মাসে নরওয়ের টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্যচিত্রে গ্রামীণ ব্যাংক থেকে সহযোগী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের বিপুল পরিমাণ তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠে। ওই প্রামণ্যচিত্রে বলা হয়, দারিদ্র্য দূর করার জন্য ভর্তুকি হিসেবে গ্রামীণ ব্যাংককে ১৯৯৬ সালে বিপুল পরিমাণ অর্থ দেয় ইউরোপের কয়েকটি দেশ। নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও জার্মানির দেওয়া ওই অর্থ থেকে ১০ কোটি ডলারেরও বেশি গ্রামীণ কল্যাণ নামে নিজের অন্য এক প্রতিষ্ঠানে সরিয়ে নেন ইউনূস। দেশে ও বিদেশে এ নিয়ে আলোচনার ঝড় ওঠে ওই প্রামাণ্যচিত্র প্রচারের পর। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সরকারদলীয় কয়েকজন নেতা বিভিন্ন বিষয় নিয়ে ইউনূসের সমালোচনায় মুখর হন। গ্রামীণ ব্যাংক বিষয়ে ওঠা অভিযোগ পর্যালোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কমিটি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/১৯৫৩ ঘ.