সিরাজগঞ্জ, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাশকতা পরিকল্পনার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জামায়াতে ইসলামীর নয় জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের আবু হুয়াইরা এতিমখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক সাংবাদিকদের বলেন, জামায়াত নেতারা নাশকতা সৃষ্টির জন্য সেখানে বৈঠক করছিলেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির শাহজাহান আলী (৪০), পৌর জামায়াতের আমির খাইরুল ইসলাম (৩৯), পৌর জামায়াতের সেক্রেটারি ও শাহাজাদপুরের ইসলামী ব্যাংক কর্মকর্তা সরওয়ার হোসেন (৩৫), আবু হুয়াইরা এতিমখানার শিক্ষক আব্দুল খালেক (৩৪), প্রোতাব দাখিল মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম (৩৬), বেলকুচি দাখিল বেসরকারি মাদ্রাসার শিক্ষক শাহাদাত হোসেন (২৬), ডিক্রিরচর সিনিয়র দাখিল মাদ্রাসার শিক্ষক গোলাম মোস্তফা (৪৫), নারিনা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল বাসার (৩৩) এবং জামায়াত নেতা আব্দুল লতিফ (৩০)।
উপ-পরিদর্শক জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৩৫০ ঘ.
bdnews24