২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলের ৩ জঙ্গির সাজা

১৭ অগাস্টের সিরিজ বোমা মামলায় নড়াইলের তিন জেএমবি সদস্যকে সাজা দিয়েছে আদালত। এর মধ্যে এক জনের যাবজ্জীবন এবং অন্য দুজনের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 01:28 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

খুলনা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৭ অগাস্টের সিরিজ বোমা মামলায় নড়াইলের তিন জেএমবি সদস্যকে সাজা দিয়েছে আদালত। এর মধ্যে এক জনের যাবজ্জীবন এবং অন্য দুজনের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড হয়েছে। বুধবার খুলনা দ্রুত বিচার আদালতের বিচারক মো. সেকান্দার আলী এ রায় দেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক সাংবাদিকদের বলেন, জেএমবি সদস্য সাইফুজ্জামান প্রবালকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ বছর সশ্রম কারাদণ্ড, হাফেজ মাহমুদ ওরফে রকিব হাসান ও রুহুল কুদ্দুস প্রত্যেককে ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দু'বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত তিন জনের মধ্যে সাইফুজ্জামান প্রবাল পলাতক রয়েছে। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার সময় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সদস্যরা নড়াইল জেলার চারটি স্থানে বোমা হামলা চালায়। ১৮ আগস্ট নড়াইল থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বাদি হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। ২০০৬ সালের ৯ নভেম্বর নড়াইল থানার উপ-পরিদর্শক মাহামুদ ঈসা দুখু আদালতে ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত অন্যদের বেকসুর খালাস প্রদান করেন বলে জানান এনামুল । ২০১০ সালের ২৬ সেপ্টেম্বর মামলাটি খুলনার দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৩০ ঘ.