ঝিনাইদহ, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে একটি পোশাক কারখানায় বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত শ্রমিক ও পুলিশের সংঘর্ষে চার অন্তত ২০ জন আহত হয়েছে।
মহেশপুর উপজেলার জিন্নানগর বাজারে 'প্রীতি উল ওয়ার লিমিটেড' বুধবার সকালে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
সংঘাতের পর কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।
মহেশপুর থানার ওসি মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৮টার দিকে প্রায় হাজার খানেক শ্রমিক লাঠিসোঁটা ইট-পাটকেল নিয়ে কারখানায় হামলা চালায়। ওই সময় সেখানে উপস্থিত পুলিশ তাদের বাধা দিলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়তে শুরু করে।
এরপর উভয় পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পুলিশ এ সময় কাঁদানো গ্যাস ও শটগানের ফাঁকা গুলি ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষকালে পুলিশের এসআই শাহাবুদ্দিন ও তিন পুলিশ সদস্য আহত হন বলে ওসি জানান।
তিনি বিকালে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ আল-আমিন নামে এক শ্রমিককে আটক করেছে।
গার্মেন্টস শ্রমিক আজিবর রহমান জানান, এর আগে নিয়মিত বেতন, ওভারটাইম ও বেতন বৃদ্ধির দাবি জানালে কর্র্তৃপক্ষ তা আমলে না নেওয়ায় তারা বিক্ষোভ করে।
এদিকে এ অভিযোগ অস্বীকার করে কারখানার ব্যবস্থাপক কবির হোসেন শ্রমিকদের নিয়মিত বেতন শোধ করা হচ্ছে বলে দাবি করে বলেন, "স্থানীয় আওয়ামী লীগের একটি দল শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়াচ্ছে।"
বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হওয়ায় গত সোমবার কারখানাটি বন্ধ করা হয়েছিলো। বুধবার কারখানা আবার খোলার পর এ ঘটনার সৃষ্টি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৯২০ ঘ.
bdnews24