২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাহরাইনে দুই বাংলাদেশি নিহত

বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে মঙ্গলবার ট্রাকচাপা পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 02:42 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে মঙ্গলবার ট্রাকচাপা পড়ে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরা হলেন- আবদুল হান্নান ও মোহাম্মদ একলাস। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে বিক্ষোভকারীদের ট্রাকের নিচে চাপা পড়ে ওই দুইজনের মৃত্যু হয়।" তাদের মরদেহ রাজধানী মানামার সোলেমানিয়া হাসপাতালে রয়েছে বলে জানান তিনি। তবে তাদের গ্রামের বাড়ি কোথায় তা জানা যায়নি। কাঠমিস্ত্রী ও রাজমিস্ত্রী পেশার ওই দুই বাংলাদেশি মানামা থেকে ২০ কিলোমিটার দূরে সিতার ক্যাম্পে বসবাস করতেন। একই ঘটনায় এক পুলিশ সদস্য মারা গেছেন বলেও জানান ফার্স্ট সেক্রেটারি। ইব্রাহিম বলেন, বাহরাইন টেলিভিশনে নিহতদের লাশ দেখানো হলে সহকর্মীরা ওই দুইজনকে বাংলাদেশি বলে শনাক্ত করেন। দেশটিতে জরুরি অবস্থা জারি থাকায় লাশ পাঠানো নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে জানান তিনি। ইব্রাহিম বলেন, "সেনাবাহিনী হাসপাতাল নিয়ন্ত্রণ করছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আমাদের যোগাযোগ করতে বলেছে তারা।" বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "এর বাইরে দূতাবাসের কাছে বাংলাদেশিদের আক্রান্ত হওয়ার কোনো খবর নেই।" "তবে মানামা থেকে ৩০ কিলোমিটার দূরে মানিরে একটি ক্যাম্পে বিক্ষোভকারীদের ঢিল ছোড়ার কথা জানতে পেরে তাৎক্ষণিক পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা সেখানে পুলিশ সদস্য পাঠিয়েছে", যোগ করেন ফার্স্ট সেক্রেটারি। তেল সমৃদ্ধ এই দেশটিতে দেড় লাখ বাংলাদেশি অভিবাসী রয়েছেন। ইব্রাহিম বলেন, "খারাপ পরিস্থিতিতে আমরা কী করবো তা নিয়ে গত ১ মার্চ আমরা বাংলাদেশ ভিত্তিক ৩০টি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করেছি।" "প্রতিকূল পরিস্থিতিতে আমরা বাংলাদেশিদের সুন্নিবহুল এলাকায় পাঠানোর ব্যবস্থা করবো, এজন্য ইতোমধ্যে স্বেচ্ছাকর্মীদের একটি তালিকা তৈরি করা হয়েছে।" তবে এখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে জানান তিনি। গত একমাস ধরে প্রবল সরকারবিরোধী বিক্ষোভের পর মঙ্গলবার দেশে জরুরি অবস্থা ঘোষণা করে সামরিক বাহিনীকে সর্বময় ক্ষমতা দেন বাহরাইনের বাদশাহ শেখ হামাদ বিন ঈসা আল খলিফা। মানামা থেকে ৭ কিলোমিটার দূরে সিটরা শিল্প এলাকায় কর্মরত বাংলাদেশি নিরাপত্তা কর্মী খায়রুল আলম মুনীর রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকার বিরোধী বিক্ষোভের কারণে ওই এলাকায় কর্মরত বাংলাদেশি কর্মীরা ঘর থেকে বেরুতে পারছে না। তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।" তিনি জানান, মঙ্গলবার সকাল থেকে ওই এলাকায় সব দোকান-পাট বন্ধ হয়ে গেছে। এভাবে আর দু'একদিন কাটালে তাদের খাবার ও গ্যাস সংকট দেখা দেবে। বাংলাদেশি কর্মীরা তাদের নিরাপত্তার নিশ্চিতের জন্য বাহরাইনে বাংলাদেশ দূতাবাসে ফোন করেও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন এই বাংলাদেশি কর্মী। সিটরা শিল্প এলাকায় আওয়াল গালফ ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করছেন মুনীর। এই কোম্পানিতে শতাধিক বাংলাদেশি কর্মী রয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/জিএনএ/এইচএ/২১৫০ ঘ.