কুড়িগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লোড শেডিংয়ের প্রতিবাদে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ছাত্রলীগ নেতাকর্মীরা পল্লীবিদ্যুৎ সমিতি কার্যালয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনার সময় তারা অফিসের কাগজপত্রও তছনছ করে।
পল্লীবিদ্যুৎ সমিতির রাজিবপুর শাখার কর্মকর্তা সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাসহ ১০/১২ জন কর্মী তাদের অফিসে ভাংচুর চালায় এবং বিল আদায়ের দুইটি বই নিয়ে যায়।
ওই সময় তারা তাকে লাঞ্ছিত করে বলেও তিনি অভিযোগ করেন।
রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের বলেন, হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি জানান, "এখানে রাত ১২টার পর দুইঘণ্টা এবং দিনে একঘণ্টা বিদ্যুৎ পাওয়া যায়। অসহনীয় লোড শেডিংয়ে বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে।"
রাজিবপুর থানার উপ-পরিদর্শক কোবাদ হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় কোনো মামলা হয়নি।
"উপজেলা চেয়ারম্যান বিষয়টি মিটিয়ে ফেলার দায়িত্ব নিয়েছেন," জানান পুলিশ কর্মকর্তা।
উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আকবর হোসেন হিরো বলেন, "অসহনীয় লোড শেডিংয়ে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছেন। ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।"
তিনি বলেন, দু'পক্ষকে বসিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে নীলফামারী প্রতিনিধি জানান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বুধবার নীলফামারীর ডিমলা উপজেলার চারটি ইউনিয়নের কৃষকরা পল্লীবিদ্যুৎ সমিতি অফিস ঘেরাও করেছে।
এ সময় ক্ষুব্ধ কৃষকরা ডিমলা-রংপুর অবরোধ করলে রাস্তার দু'পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে ডিমলা সদর, নাউতারা, গয়াক্ষাড়ি ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের কয়েকশ' কৃষক পল্লীবিদ্যুৎ সমিতির ডিমলা এরিয়া অফিস ঘেরাও ও ডিমলা-রংপুর সড়ক অবরোধ করে।
পুলিশ আসার পর দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, চলতি বোরো মৌসুমে ডিমলা উপজেলার কৃষকরা পল্লীবিদ্যুৎ সমিতি থেকে সেচ পাম্প চালানোর মতো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাচ্ছে না। পানির অভাবে অনেকের ক্ষেতের ফসল শুকিয়ে যাচ্ছে।
বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং ও ঘনঘন আসা-যাওয়ার কারণে ইতোমধ্যে অন্তত ৫০০ সেচ পাম্পের কয়েল পুড়ে গেছে।
নীলফামারী পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) এসএম হাবিবুর রহমান বলেন, নীলফামারী সমিতির চাহিদা ৩০ মেঘাওয়াট। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র ৩/৪ মেঘাওয়াট। এ কারণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মোটামুটিভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮২০ ঘ.
bdnews24