চট্টগ্রাম, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি ও বায়েজীদ এলাকা থেকে পিস্তল ও বন্দুকসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর মধ্যে বুধবার ভোর সাড়ে চারটার দিকে বায়েজীদ থানাধীন খোন্দকার পাড়া এলাকা থেকে একটি বিদেশি বন্দুক, দেশে তৈরি দোনলা বন্দুক এবং কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- মো. আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর (২০), আজিজ মোহাম্মদ (২২) ও মো. বাবুল (২২)।
বায়েজীদ থানার ওসি এ কেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোন্দকার পাড়ায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা পলাতক শিবির ক্যাডার সাজ্জাদ খানের সহযোগী।
অন্যদিকে, কোতোয়ালি থানাধীন সিআরবি এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ মো. মঈনুদ্দিন ওরফে ফরহাদকে নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) জেদান আল মুসা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মঙ্গলবার রাত ১১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে ফরহাদ জানিয়েছে, ইসমাইল নামে এক ছিনতাইকারীর কাছ থেকে ৭০ হাজার টাকায় এই পিস্তলটি কেনা হয়েছিলো।
ইসমাইল বর্তমানে অস্ত্র ও ছিনতাই মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আটক আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৬৩৮ ঘ.
bdnews24