ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাম্পত্য কলহের পর রাজধানীর একটি বাড়িতে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। ওই ব্যক্তির স্ত্রীও উঁচু ভবন থেকে লাফ দেন। তবে বেঁচে গেছেন তিনি।
পুলিশ জানিয়েছে, দেড় বছরের বাচ্চাকে ঘুমের মধ্যে রেখে বুধবার ভোররাতে পুরান ঢাকার মালিটোলার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইমরান (৩২)। ঘরে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ।
ইমরানের স্ত্রী অনু বেগমকে (২০) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত-পা ভেঙে গেছে।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝগড়ার পর স্বামী-স্ত্রী দুজনই আত্মহত্যা করতে চেয়েছিলেন। ইমরান একটি কক্ষের দরজা আটকে ফ্যানের সঙ্গে ঝুলে পড়েন। অন্যদিকে অনু পঞ্চম তলা থেকে লাফিয়ে পড়েন।
ভোর সাড়ে ৪টার দিকে পুলিশ কক্ষের দরজা ভেঙে ইমরানকে বের করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ওই ভবনের সামনের সড়ক থেকে অনুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ কর্মকর্তা সুলতান বলেন, ভবনটির সামনে অনেক ঝুলন্ত তার (টেলিফোন, স্যাটেলাইট টিভি) ছিলো। যাতে অনু সরাসরি নিচে পড়েনি। ফলে বেঁচে গেছেন তিনি।
ইমরান মালিটোলার একটি ইস্পাতের দোকানে কাজ করতেন। দেড় বছরের ছেলে বাচ্চাটি তার দাদা-দাদির কাছে রয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১১৪৫ ঘ.
bdnews24