নরসিংদী, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) বিল্লাল হোসেন রনি হত্যার প্রতিবাদে ছাত্রদলের ডাকে বুধবার জেলা শহরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
অন্যদিকে রনির পরিবার এ ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে, যারা জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের সমর্থক।
মঙ্গলবার কলেজের ভেতরে সন্ত্রাসীরা গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করে রনিকে। তিনি কলেজ ছাত্রদলেরও সভাপতি ছিলেন।
বিএনপির ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দলের ছাত্র সংগঠনের এ নেতা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রনি হত্যার প্রতিবাদে হরতাল বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে পালিত হয়। দ্বিধাবিভক্ত বিএনপি ও জেলা ছাত্রদল আলাদাভাবেই শহরে মিছিল করেছে।
খোকন সমর্থক বলে পরিচিত জেলা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।
জেলা বিএনপির সাবেক সভাপতি মেজবাহউদ্দিন ইরান সমর্থিত নরসিংদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আক্রাম হোসেনের নেতৃত্বে বের হয় আরেকটি মিছিল। এ মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে আহত হয় পাঁচ জন।
এছাড়া দুপুরে সাবেক সংসদ সদস্য রোকেয়া আহমেদ লাকির নেতৃত্বে বিএনপির একটি মিছিল শহরের সেবা সংঘের মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে। তখন সেখানেই সমাবেশ করে তারা।
বিএনপির কেন্দ্রীয় নেতা খোকন বিকালে রেলওয়ে স্টেশন চত্বরে সভা করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা শহরের বাজীর মোড়ে সমাবেশ করতে চাইলেও পুলিশি বাধায় পারেনি।
রনি হত্যার ঘটনায় তার বড় ভাই আবুল ফজল মঙ্গলবার রাতে সদর মডেল থানায় একটি হত্যামামলা করেছেন।
থানার ওসি মো. আবু হানিফ সাংবাদিকদের বলেন, কলেজের সাবেক জিএস মহসিন হোসাইন বিদ্যুৎসহ মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন- নজরুল ইসলাম, অভি, জুয়েল, লিমন, জুনায়েদ আলরাফি মুন্না, মিঠুন, তালেব, সিয়াম, রতন, তারেক, আনন্দ, রুবেল, আরিফ, সুজন ও রিজন।
বাদি সাংবাদিকদের বলেন, আসামিরা প্রায় সবাই ছাত্রদল নেতা-কর্মী এবং বিএনপি নেতা খোকনের সমর্থক।
আসামিদের মধ্যে রুবেল নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০১৩ ঘ.
bdnews24