ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিবাহ বিচ্ছেদ নিয়ে একটি সমন্বিত আইন প্রণয়নের বিষয়ে সমাজ চেতনা তৈরির তাগিদ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত।
মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কল্যাণী ফাউন্ডেশন আয়োজিত 'বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ নিবন্ধীকরণ: সমস্যা এবং সমাধান' শীর্ষক এক সেমিনারে তিনি বলেন, "গণতান্ত্রিক যুগে বাস করলেও আমরা এখনো সার্বজনীন হতে পারিনি। সংবিধানের দেওয়া সমান অধিকার এখনো অর্জন করা সম্ভব হয়নি।"
সমন্বিত বিবাহ বিচ্ছেদ আইনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সুরঞ্জিত বলেন, "আমাদের এখানে কেবল একটি ধর্মেই বিবাহ বিচ্ছেদ আইনের উল্লেখ আছে। অন্য ধর্মগুলোতে বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছু বলা হয়নি। ফলে এ নিয়ে নানা জটিলতা তৈরি হয়। সমন্বিত এ আইন করতে হলে সমাজে চেতনাও তৈরি করতে হবে।"
তবে এ আইন করার আগে সব ধর্মের বিশেষজ্ঞদের মতামত নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সেমিনারে সভাপতির বক্তব্যে কল্যাণী ফাউন্ডেশনের চেয়ারম্যান সুধীর সাহা বলেন, "বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিয়ে একটি জাতীয় নীতিমালা থাকা প্রয়োজন।"
সব ধর্মের মানুষকে সম মর্যাদা দেওয়ার স্বার্থে সব ধর্মেই মুসলিম পদ্ধতির মতো বিবাহ বিচ্ছেদের সুযোগ দিয়ে আইন করার সুপারিশ করেন তিনি।
তিনি বলেন, "সরকার কেন্দ্রীয়ভাবে সব বিবাহ ও বিবাহ বিচ্ছেদের নিবন্ধণ তথ্য সংরক্ষণ করলে এ নিয়ে জটিলতার পরিসমাপ্তি ঘটবে।"
অন্যদের মধ্যে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব মো. ইকবাল হোসেন, ঢাকেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র মন্ডল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের অধ্যাপক ড. সুকোমল বড়
bdnews24