ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের আট হাজার কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
'চাকরি ফেরতের দাবি গ্রামীণ ব্যাংকের ৮ হাজার কর্মীর' শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদন প্রসঙ্গে 'প্রকৃত তথ্য' উল্লেখ করে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক দাবি করেছে, ওই কর্মচারীরা স্বেচ্ছায় অবসর নিয়েছেন।
এতে বলা হয়, চাকরির বিধিমালা অনুযায়ী গ্রামীণ ব্যাংকের যে কোনো কর্মকর্তা-কর্মচারী ১০ বছর চাকরির পর স্বেচ্ছায় অবসর নিতে পারেন।
এছাড়া কারো চাকরির বয়স ২০ বছর পূর্ণ হলে প্রতিষ্ঠান তাকে অবসর দিতে পারে। আর্থিক অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ, অসদাচরণের জন্য গত ৩১ বছরে দুই হাজার ৬৫৯ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া আট হাজার ২৬০ জন কর্মকর্তা-কর্মচারী স্বেচ্ছায় অবসর নিয়েছেন।
'নির্যাতিত কর্মী পরিষদ' ব্যানারে সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পুনর্বহালের দাবি জানায় গ্রামীণ ব্যাংকের অবসরে যাওয়া ৮ হাজার কর্মকর্তা-কর্মচারী।
তাদের অভিযোগ ছিলো- ব্যাংকের সদ্য অপসারিত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের 'স্বেচ্ছাচারিতার' শিকার হয়ে ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত তাদের অবসরে যেতে হয়।
সংবাদ সম্মেলনে যারা চাকরি ফেরতের দাবি করেছেন- তাদের সবাই স্বেচ্ছায় অবসর নিয়েছেন এবং তাদের সব পাওনা পরিশোধ করা হয়েছে বলে গ্রামীণ ব্যাংকের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২২৪০ ঘ.
bdnews24