ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহান মনির মুক্ত নাবিকরা আগামী ২২ মার্চ ওমান হয়ে বাংলাদেশে ফিরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার সংসদে মন্ত্রী বলেন, সরকার ও মালিকপক্ষের ঐকান্তিকতা প্রচেষ্টায় জাহান মনি মুক্ত হয়েছে। তিন মাস সময়ের মধ্যে এ ধরনের জিম্মি মুক্তির ঘটনাও স্বল্প সময়।
"এ সময়ে যারা ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছেন, সংশ্লিষ্ট পরিবার ও সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাই।"
৩০০ বিধিতে পররাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে লিবিয়িা পরিস্থিতি, জাপানের ভূমিকম্প ও সুনামি পরবর্তী অবস্থা ও সোমালিয়া জলদস্যুদের ছিনতাই হওয়া জাহাজ জাহান মনির বিষয়ে বিবৃতি তুলে ধরেন।
মন্ত্রী জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিটে জাহাজটি মুক্ত হয়েছে। এখন নাবিকসহ সংশ্লিষ্টরা ওমানে অবস্থান করছেন। ওমান হয়ে ২২ তারিখে ওমান এয়ারওয়েজের মাধ্যমে ঢাকায় ফিরবেন তারা।
সাড়ে ৫৪ হাজার বাংলাদেশির অবস্থান নিশ্চিত
দীপু মনি জানান, লিবিয়ার বিভিন্ন সীমান্তে এ পর্যন্ত সাড়ে ৫৪ হাজার
বাংলাদেশির অবস্থান নিশ্চিত করা হয়েছে।
এর মধ্যে এ পর্যন্ত ১৯ হাজার ৯৪৩ জন দেশে প্রত্যাবর্তন করেছেন। সর্বশেষ এসেছেন ২৮৬৫ জন।
লিবিয়া থেকে দেশে ফিরতে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে জানিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন তিনি।
"আজ বিভিন্ন দেশ ঘুরে হাজার হাজার বাংলাদেশি প্রত্যাবর্তন করছেন। গ্রীস, মিশর ও তিউনিসিয়ায় আর্জেন্ট লেটার পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের নিরাপদে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত আনা হবে।"
দেশে ফেরার পর বিমানবন্দরে ক্লান্ত, পরিশ্রান্ত ও ভীত সন্ত্রস্ত প্রবাসীদের যেন কোনো ধরনের দুর্ভোগ না হয় সে জন্য ২৪ ঘণ্টা সেবা দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী।
জাপানে বাংলাদেশিদের পরিস্থিতি পর্যবেক্ষণ
দিপু মনি জানান, জাপানের ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর সেখানে অবস্থানরত বাংলাদেশিদের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
"তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত বিধান করতে সরকার বদ্ধ পরিকর। এ জন্য নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।"
টোকিও থেকে আরো দক্ষিণে দূতাবাস সরিয়ে নেওয়ার বিষয়টি অবহিত করেন মন্ত্রী।
জাপান সরকারকে বাংলাদেশের পক্ষ থেকে উদ্ধারকারী দলসহ সার্বিক সহায়তা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/পিডি/২২৩৪ ঘ.
bdnews24