২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের 'সম্মান রক্ষায়' চট্টগ্রামে নতুন সংগঠন

ড. মুহাম্মদ ইউনূসের 'সম্মান ও মর্যাদা' রক্ষায় জনমত গঠনের লক্ষে চট্টগ্রামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

চট্টগ্রাম, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ড. মুহাম্মদ ইউনূসের 'সম্মান ও মর্যাদা' রক্ষায় জনমত গঠনের লক্ষে চট্টগ্রামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। 'নোবেলজয়ী ইউনূস- সুহৃদ চট্টগ্রাম' নামে সংগঠনটি মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির আহ্বায়ক ইস্টডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য ড. মুহাম্মদ সিকান্দার খান। চট্টগ্রামের বিভিন্ন-শ্রেণী পেশায় প্রতিষ্ঠিত বেশ কয়েকজন নাগরিক মিলে এ সংগঠনটি গঠন করেছেন। লিখিত বক্তব্যে বলা হয়, গত বেশ কিছুদিন যাবত গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে আমাদের দেশে বিতর্ক সৃষ্টি ও তার চরিত্র হননের অপপ্রয়াস চলছে। গ্রামীণের সফল উদ্যোগে প্রায় চার কোটি অধিক দরিদ্র অসহায় মানুষ জীবন-জীবিকা নির্বাহ করছে দাবি করে লিখিত বক্তব্যে বলা হয়, তার নোবেল প্রাপ্তিতে বাংলাদেশের একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে উঠেছে। ইউনূসের 'সম্মানহানির' যে অপতৎপরতা চলছে তাতে আত্মপ্রকাশকারী সংগঠনটির নেতারা 'সংক্ষুব্ধ' উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়। "আমরা তার [ইউনূসের] প্রতি সরকারের ন্যায্য আচরণ দাবি করছি।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ডা. কিউ এম ওহিদুল আলম, ফারুক-ই আজম (বীর প্রতীক), চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালেউদ্দিন হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক কিউরেটর শামসুল হোসাইন, অধ্যাপক মাহফুজুর রহমান, চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ রওশন আক্তার হানিফ, অধ্যাপক তাহমিনা খানম, স্থপতি জেরিন হোসাইন প্রমুখ। চট্টগ্রাম শহর ও গ্রাম পর্যায়ে সর্বস্তরের জনমতের ভিত্তিতে নানা কর্মসূচি গ্রহণের মাধ্যমে মুহাম্মদ ইউনূসের 'সম্মান ও মর্যাদা রক্ষায়' সংগঠনটি কাজ করে যাবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/১৭১৯ ঘ.