ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।
১৯২১ সালে নারিন্দায় গড়ে ওঠা উইভিং স্কুলটিকেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আশা করছি দেশের বস্ত্রখাতের উন্নয়নে এই বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা রাখবে।"
বস্ত্র খাতকে বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, "এই খাতকে আরো গুরুত্ব দিতে হবে। বস্ত্র খাতের প্রসারের ওপর নির্ভর করছে আমাদের শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি এবং রাজস্ব আয়ের প্রবৃদ্ধি। এই বিশ্ববিদ্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে দেশের বস্ত্র প্রযুক্তি ও প্রকৌশল ক্ষেত্রে শুরু হলো নবযাত্রার।"
বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ।
প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরের প্রথম আট মাসে নিট ও ওভেনসহ পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১১ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ৪১ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ছয় মাসে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৭ শতাংশ।
"রপ্তানির নতুন বাজার তৈরিতে আমারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এ জন্য প্রয়োজন সার্বক্ষণিক গবেষণার মাধ্যমে পণ্যের মান উন্নত করা। টেক্সটাইল প্রকৌশলি ও প্রযুক্তিবিদদের এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে," যোগ করেন তিনি।
শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশৃঙ্খল আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, "শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ সৃষ্টিতে সবার দয়িত্ব রয়েছে। কথায় কথায় গাড়ি ভাংচুর ও বিশৃঙ্খল আচরণ করলে চলবে না।"
এর আগে ক্যাম্পাসে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।
এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিতাই চন্দ্র সূত্রধর এবং ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/জেকে/১৬২৮ ঘ.
bdnews24