ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমান সম্পর্কে সাংবাদিক লরেন্স লিফসুজের বক্তব্যকে 'মিথ্যাচার' বলে অভিহিত করেছে বিএনপি।
দলটি বলছে, আদালতে দেওয়া লিফসুজের বক্তব্য মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত। 'ভাড়া করা' সাংবাদিক এনে সরকার জিয়ার ভাবমূর্তি ও চরিত্র হননের চেষ্টা করছে।
মঙ্গলবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি এ অভিযোগ করে।
সামরিক আদালতে কর্নেল তাহেরের গোপন বিচার এবং এরপর তাকে ফাঁসিতে ঝোলানো- সব জিয়াউর রহমানের ইচ্ছাতেই হয়েছিলো বলে সোমবার হাইকোর্টে বক্তব্য দেন ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ'র সাংবাদিক লিফসুজ।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার কর্নেল এম এ তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই বিচারের রায় হয়। ২১ জুলাই ভোর রাতে তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
গত শতকের '৭০ এর দশকে তাহেরের গোপন বিচার ও ফাঁসির সময় এ সাংবাদিককে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়।
তাহেরের ওই গোপন বিচারের বৈধতা নিয়ে একটি রিট আবেদনে হাইকোর্ট লিফসুজের বক্তব্য শুনতে চেয়েছিলো। সে জন্যই তার বাংলাদেশে আসা।
নয়া পল্টনে দলের সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে স্বাধীনতা দিবসের কর্মসূচি চূড়ান্ত করতে ওই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে 'স্বদেশ জাগরণ পরিষদের' উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, "সরকার ভাড়াটিয়া সাংবাদিক এনে জিয়াউর রহমানের চরিত্রহননের চেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব ও কর্নেল তাহের হত্যার সঙ্গে জিয়া জড়িত ছিলেন না। লিফসুজের বক্তব্য সঠিক নয়, মিথ্যাচার।"
কর্নেল তাহের হত্যা মামলা প্রসঙ্গে সাবেক এই মন্ত্রী বলেন, "তাহের হত্যার সঙ্গে জিয়া কোনোভাবেই জড়িত নন। বরং তাহেরের নেতৃত্বে ওই সময়ে ক্ষমতা দখলের জন্য অনেককে হত্যা করা হয়েছে। ওই হত্যার জন্য পরবর্তিতে সামরিক আদালতে তাহেরের বিচার হয়েছে।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে দলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ, মহিলা সাংসদ রেহানা আখতার রানু, নির্বাহী কমিটির সদস্য অপর্ণা সেন, রফিক শিকদার প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৫২০ ঘ.
bdnews24