ঝিনাইদহ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুর্নীতির কারণে দেশের উন্নয়ন ব্যাহত ও সমাজে আয় বৈষম্য সৃষ্টি হচ্ছে।
সরকারি কর্মকর্তা ও দেশের ক্ষমতাবানরা দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ' শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নেন দুদক চেয়ারম্যান।
গোলাম রহমান বলেন, "দুর্নীতির মাত্রা কমেছে বলা হলেও সাধারণ মানুষের ধারণা দেশে দুর্নীতি কমেনি।"
দুর্নীতির কারণগুলো চিহ্নিত করে তা প্রতিরোধের চেষ্টা চলছে বলে দুদক চেয়ারম্যান জানান।
তিনি বলেন, তরুণ সমাজকে সৎ, নিষ্ঠাবান, দেশপ্রেমিক ও দুর্নীতিমুক্ত নাগরিক হিসাবে গড়ে তুলতে স্কুল-কলেজে সততা সংঘ প্রতিষ্ঠা করা হচ্ছে।
এ লক্ষ্যে ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে বলে গোলাম হোসেন জানান।
তিনি বলেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া খুব দুরূহ ও দীর্ঘ সময়ের ব্যাপার। এজন্য আইনি প্রক্রিয়ায় দুর্নীতিবাজদের শাস্তি বিধানের চেষ্টা জোরদার করা হয়েছে।
জেলা প্রশাসক রমা রানী রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আবু মো. মোস্তফা কামাল, সাংবাদিক বিমল সাহা, মিজানুর রহমান বাবুল, নিজাম উদ্দিন জোয়ার্দ্দার প্রমুখ।
বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24