২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ঘণ্টা পর সচল হলো আরিচা মহাসড়ক

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহতের ঘটনায় স্থানীয়দের অবরোধে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 08:33 AM

Updated : 24 Aug 2022, 02:42 PM

মানিকগঞ্জ, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রী আহতের ঘটনায় স্থানীয়দের অবরোধে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে। ঘিওর উপজেলায় বানিয়াজুরি বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকাল ১১টায় এক স্কুলছাত্রী মাইক্রোবাসের ধাক্কায় আহত হয় বলে পুলিশ জানায়। এর পরপরই জনতা ওই সড়ক অবরোধ করে। দুপুর ১টার সময় অবরোধ তুলে নেয় তারা। ঘিওর থানার ওসি আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় আহত হয় স্কুলছাত্রী সাথী ভূইয়া (১৫)। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাথী বানিয়াজুরি উচ্চ বিদ্যালয় থেকে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) অংশ নিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়দের সঙ্গে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। তাদের দাবি, সড়কে গতিরোধক স্থাপন করতে হবে। ওসি আজিজুর বলেন, মানিকগঞ্জের সহকারি পুলিশ সুপারিনটেন্ডেট (এএসপি) মো. জসিম উদ্দিন গতিরোধক স্থাপনে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি জানান, এক শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকরা হেমায়েতপুরে গাড়ি ভাংচুর ও আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে হেমায়েতপুর-সিংগাইর সড়কের তেঁতুলঝোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকসানা আক্তার (১৭) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা এলাকার সামসুল হকের মেয়ে। রোকসানা তেঁতুলঝোড়া এলাকার বিস্কুট তৈরির কারখানা 'ডেকো ফুড ইন্ডাস্ট্রিজে'র শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে কর্মস্থলে আসার পথে হেমায়েতপুরের তেঁতুলঝোড়া স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় হেমায়েতপুরগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে সে নিহত হয়। এদিকে সহকর্মীর মৃত্যুর খবরে 'ডেকো ফুড ইন্ডাস্ট্রিজে'র শ্রমিকরা ওই সড়কটি প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখে। ভাংচুর করে ৬/৭টি যানবাহন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, বাসটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমইউএস/এমআই/১৫০৭ঘ.