২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে গণনাভুক্ত করে পঞ্চম আদমশুমারি শুরু

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে গণনাভুক্ত করার মধ্য দিয়ে সোমবার রাত ১২টা ১ মিনিটে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 06:47 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে গণনাভুক্ত করার মধ্য দিয়ে সোমবার রাত ১২টা ১ মিনিটে পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা শুরু হয়েছে। এছাড়া সোমবার ১২টা থেকে সারাদেশে একযোগে ভাসমান মানুষ গণনা শুরু হয়। ভোর ৬টা পর্যন্ত ভাসমান মানুষ গণনা চলবে। আর সারাদেশে আদমশুমারি ও গৃহগণনা চলবে ১৯ মার্চ পর্যন্ত। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের উপ প্রেস সচিব আবুল কালাম আজদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিসংখ্যান ব্যুরোর গণনাকারী জানে আলম সোমবার রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে গণনাভুক্ত করেন। এ সময় রাষ্ট্রপতি দেশবাসীকে এ শুমারি সফল করার আহ্বান জানিয়ে বলেন, জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যা ও গৃহস্থালীর সঠিক তথ্য খুবই গুরুত্বপূর্ণ। এ শুমারি থেকে কেউ যাতে বাদ না যায় এবং কেউ যাতে একাধিকবার অন্তর্ভুক্ত না হয়- সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার নির্দেশ দেন রাষ্ট্রপতি। পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হ্যানা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এ কে খন্দকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মঙ্গলবার সকাল ৯টা ৩০ মিনিটে গণনাভুক্ত করা হবে। এর আগে সোমবার দুপুরে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের জানান, আদমশুমারি ও গৃহগণনায় মোট ব্যয় ধরা হয়েছে ২৫৩ কোটি টাকা। চার মাসের মধ্যে গণনার প্রাথমিক হিসাব প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে দেড় বছরের মধ্যে। বাংলাদেশকে ১৩০টি শুমারি জেলায় ভাগ করে পরিচালনা করা হচ্ছে এ কাজ। একজন করে শুমারি সমন্বয়কারী প্রত্যেক শুমারি জেলার কাজ তদারক করবেন। তার অধীনে ২০-২২টি অঞ্চল থাকছে। দুই হাজার ৭০০ অঞ্চল সমন্বয়কারী নিজ নিজ অঞ্চলের কাজ তদারক করবেন। পরিকলল্পনামন্ত্রী বলেন, গণনা কাজে তিন লাখ ১০ হাজার গণনাকারী ও ৫৭ হাজার সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলিয়ে শুমারির কাজে নিয়োজিত জনবলের সংখ্যা প্রায় চার লাখ। ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহলগুলোতেও আদমশুমারি করা হবে। এছাড়া সরকারের তালিকায় থাকা ২৭টি নৃগোষ্ঠীকেও গণনায় অন্তর্ভুক্ত করা হবে। শুমারির তথ্য সংগ্রহের ফরমে মোট ২৫টি প্রশ্ন রাখা হয়েছে। এর মধ্যে খানা সংক্রান্ত ১১টি ও ব্যক্তি সংক্রান্ত ১৪টি প্রশ্ন রয়েছে। গণনা এলাকা নির্ধারণের জন্য স্পার্সোর মাধ্যমে পাওয়া মানচিত্র ব্যবহার করা হচ্ছে জানিয়ে এ কে খন্দকার জানান, প্রত্যেক গণনাকারী তার এলাকার মানচিত্র অনুযায়ী কাজ করবেন। এর ফলে কেউ গণনা থেকে বাদ যাবেন না, কেউ একাধিকবার গণনায় পড়বেন না। আদম শুমারির মাধ্যমে দেশের নারী পুরুষের সংখ্যা, বয়স, বৈবাহিক অবস্থা, ধর্ম, গোত্র ও কাজের ক্ষেত্র সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া কতটি কী ধরনের ঘর আছে, এসব বাড়িতে পয়ঃনিস্কাশন ব্যবস্থা কী ধরনের, খাবার পানির উৎস কী, বিদ্যুৎ সংযোগ আছে কি না- এসব তথ্যও সংগ্রহ করা হবে। হট লাইন পঞ্চম আদমশুমারি ও গৃহগণনা সম্পর্কে তথ্য জানতে হট লাইন খোলা হয়েছে। সোমবার এক তথ্যবিবরণীতে বলা হয়, টেলিফোনে ৮১৮১৪২৪, ৯১১৫৪৯৫, ৯১১৬৩৭৮ নম্বরে এবং মোবাইল ফোনে ০১৮১৯২৫৬৪৬৮ ও ০১৮১৯২৫৯১৭৬ নম্বরে যোগাযোগ করে আদমশুমারি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিসি/এসআই/জেকে/০০৪৪ ঘ.