ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে ভূমিকম্পের কারণে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের প্রেক্ষাপটে সুইজারল্যান্ড তিনটি নতুন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন প্রক্রিয়া স্থগিত করেছে।
পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে দেখতে সুইস সরকার এ সিদ্ধান্ত নেয় বলে সোমবার সেদেশের জ্বালানিমন্ত্রী ডরিস লুথহার্ড জানিয়েছেন।
তিনি বলেন, "নিরাপত্তা হচ্ছে আমাদের প্রথম অগ্রাধিকার।"
সুইজারল্যান্ডে ৫টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যা দেশটির প্রায় ৪০ শতাংশ বিদ্যুতের চাহিদা মিটিয়ে থাকে।
ইউরোপের প্রথম দেশ হিসেবে সুইজারল্যান্ড এ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিল।
এদিকে বিবিসি'র খবরে বলা হয়, জার্মানি সেদেশের জরাজীর্ণ ১৭টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যমেয়াদ বাড়ানোর পরিকল্পনা তিন মাসের জন্য স্থগিত করেছে।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যারকেল সোমবার তার সরকারের এ পরিকল্পনা স্থগিতের ঘোষণা দেন।
ম্যারকেলের কোয়ালিশন সরকার গত বছর ঘোষণা দিয়েছিল যে, দেশের এই ১৭টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্ধারিত মেয়াদের ১২ বছর পর বন্ধ করা হবে। এজন্য তার সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়।
জাপানের কিয়োডো বার্তা সংস্থা জানায়, ভারত সরকার সেদেশের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থার জরুরি কারিগরি পর্যালোচার জন্য ডিপার্টমেন্ট অব অ্যাটমিক এনার্জি ও সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দিয়েছে।
প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার লোকসভায় একথা জানান।
ভূমিকম্পে জাপানের ফুকুশিমায় ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের পর তেজস্ক্রিয় বিপর্যয়ের সতর্কতা জারি করা হয়েছে।
সোমবার বিবিসির খবরে বলা হয়, পরমাণু কেন্দ্রটি পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও পাওয়ার কর্পোরেশনের (টেপকো) কর্মীরা বলছেন, শীতলীকরণ ব্যবস্থা কাজ না করায় পরমাণু জ্বালানি রডের গলে যাওয়ার সম্ভাবনা তারা নাকচ করতে পারছে না।
তারা এখন সাগর থেকে পানি এনে ওই পরমাণু কেন্দ্রের ২ নম্বর চুল্লিতে দিচ্ছে।
শনিবার কেন্দ্রের ১ নম্বর চুল্লিতে এবং সোমবার ৩ নম্বর চুল্লিতে বিস্ফোরণ ঘটে। ৩ নম্বর চুল্লিতে বিস্ফোরণে ১১ জন আহত হয়, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণে চারদিকে ধোঁয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবার তেজস্ক্রিয়তায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে জাপানিরা। যুদ্ধ-পরবর্তী সময়ে সবচেয়ে বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে এটিকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/২৩৪৩ ঘ.
bdnews24