ঢাকা,মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গীর চর এলাকায় মো. সিদ্দিক (৩৫) নামে এক ব্যক্তিকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।
নিহতের স্ত্রীর অভিযোগ, জমি নিয়ে বিরোধের জের ধরে ভাই-বোনরাই সিদ্দিককে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় একটি হত্যা মামলা করেছেন তিনি।
পুলিশ বলছে, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কামরাঙ্গীর চর থানার ওসি শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকাল ১১টার দিকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সিদ্দিকের লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, "জমি নিয়ে ভাই-বোনদের মধ্যে ঝগড়া ও মারামারি হওয়ার অভিযোগ শুনেছি আমরা। তবে সিদ্দিকের লাশ পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। তার শরীরের দাগ মারামারির, নাকি অন্যকিছুর- তা ময়নাতদন্তের পর বোঝা যাবে।"
নিহতের স্ত্রী হাসি বেগম এ ঘটনায় একটি হত্যা মামলা করেছেন বলে ওসি জানান।
হাসির ভাই শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক কাঠা জমি নিয়ে বড় ভাই আমিন, বড় বোন ফরিদা বেগম ও ছোট বোন শাহিদার সঙ্গে সিদ্দিকের বিরোধ চলছিল। ভাইবোনরা ওই জমির সমান ভাগ চাইলেও সিদ্দিক ওই জায়গায় ভবন করে তারপর ফ্ল্যাট ভাগাভাগির পক্ষে ছিলেন।
এ নিয়ে গত রোববার থেকে ভাই-বোনদের মধ্যে ঝগড়া হচ্ছিল বলে শাহ আলম জানান।
তিনি বলেন, "আমার বোন অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে কামরাঙ্গীর চর মাতবর বাজারে আমাদের বাসায় নিয়ে আসা হয়। এই সুযোগে সিদ্দিককে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে তার ভাইবোন।"
ময়নাতদন্তের জন্য সিদ্দিকের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/২২৫৫ ঘ.
bdnews24