ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের গণমাধ্যমের জন্য একটি সম্প্রচার নীতিমালা তৈরির কাজ চলছে, জানিয়েছেন তথ্যমন্ত্রী।
সোমবার জাতীয় সংসদে আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এ কথা বলেন।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।
বেসরকারি টেলিভিশন সম্পর্কিত বিএনপির জাফরুল ইসলাম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বেসরকারি মালিকানায় টেলিভিশন চ্যানেল স্থাপন ও পরিচালন নীতি-১৯৯৮ নামে একটি নীতিমালা রয়েছে। এ নীতিমালাটি আধুনিক ও যুগপোযোগী করার বিষয়টি প্রক্রিয়াধীন।
জাহিদ মালেকের অপর এক প্রশ্নের জবাবেমন্ত্রী জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর আলোকে 'চিরঞ্জিব বঙ্গবন্ধু' শীর্ষক একটি প্রামান্যচিত্র ইংরেজী ও বাংলা ভাষায় নির্মান করা হয়েছে। যা বাংলাদেশ টেলিভিশনসহ সব টিভি চ্যানেলে নিয়মিত প্রচারিত হয়েছে।
শফিকুল ইসলামের আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের মাধ্যমে ২ হাজার ২৯১ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
দর্শকের ৭০ ভাগ বিটিভির
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ জানিয়েছেন, বিবিসি ওয়ার্ল্ড ট্রাস্ট্রের জরিপ অনুসারে (২০০৯ সালে) বাংলাদেশে টেলিভিশন দর্শকের ৭০ ভাগই বাংলাদেশ টেলিভিশন দেখেন।
"বাকি ৩০ ভাগ দর্শক বেসরকারি টিভি চ্যানেলগুলো দেখেন। তাছাড়া গত এক বছরে বিটিভির দর্শক এবং অনুষ্ঠানের মান বেড়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৫৬ ঘ.
bdnews24