২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্র উদ্বোধন মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্র উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

বাগেরহাট, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দুপুরে বাগেরহাটে চিংড়ি গবেষণা কেন্দ্র উদ্বোধন করবেন। এ সময় তিনি বাগেরহাট আদালত চত্বরে একটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বিকালে শহরের খানজাহান আলী কলেজ মাঠে দলীয় জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার মঞ্জিলা ফারুক স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে বাগেরহাটে এসে পৌঁছাবেন। প্রথমে তিনি চিংড়ি গবেষণা কেন্দ্র এবং পরে বাগেরহাট আদালত চত্বরে আইনজীবী সমিতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এরপর তিনি হযরত খান জাহান আলীর (র.) মাজার জিয়ারত করবেন এবং বিকালে পৌনে পাঁচটার দিকে দলীয় জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। বিকাল ৫টার দিকে তিনি ঢাকার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন। বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইয়াহিয়া মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগেরহাট শহর সংলগ্ন দড়াটানা নদীর অপর প্রান্তে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর গ্রামে আট একর জমির ওপর এই গবেষণা কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ২২ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) ২০০৬ সালের সেপ্টেম্বরে এই গবেষণা কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করেছিল। তিনি বলেন, এই কেন্দ্রে আধুনিক সুযোগ সুবিধাসহ চারটি গবেষণাগার রয়েছে। এখানে চিংড়ির খাদ্য, পুষ্টিমান, চিংড়ির রোগবালাই দমন, প্রতিকার, পরিবেশ বান্ধব চিংড়ি চাষে মাটি পরীক্ষা, পানির গুণাগুণ সংরক্ষণ, চিংড়ি আহরণোত্তর পরিচর্যা এবং গুণগতমান উন্নয়ন বিষয়ে গবেষণা করা হবে। পাশাপাশি এখানে উন্নত চিংড়ি চাষ, চিংড়ি স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং চাষীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পাঁচটি গবেষণা প্রকল্প পরিচালনা করা হচ্ছে। বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বলেন, বাগেরহাটের মানুষ বিভিন্ন সময়ে মংলা বন্দরের উন্নয়ন, ফয়লার অসমাপ্ত বিমানবন্দর নির্মাণ, বাগেরহাটে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, মংলা থেকে বাগেরহাট হয়ে পদ্মা সেতুতে রেল লাইন সংযোগসহ বেশকিছু দাবি করেছেন। এলাকার মানুষ আশা করছে মঙ্গলবারের জনসভায় প্রধানমন্ত্রী এসব বিষয়ে প্রতিশ্র"তি দেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮০৪ ঘ.