২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহান মণি মুক্তনাবিকদের ফেরার অপেক্ষায় স্বজনরা

সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া জাহাজ এমভি জাহান মণির মুক্তির দেড় ঘণ্টার মধ্যে সোমবার নাবিকদের সঙ্গে কথা বলেছেন স্বজনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 02:41 PM

মিন্টু চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি চট্টগ্রাম, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া জাহাজ এমভি জাহান মণির মুক্তির দেড় ঘণ্টার মধ্যে সোমবার নাবিকদের সঙ্গে কথা বলেছেন স্বজনরা। স্বজনরা এখন তাদের দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ সময় সকাল ১০টা ২৫ মিনিটে জাহান মণি নাবিকদের নিয়ে সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাকাডের কাছ থেকে ওমানের সালালা বন্দরের উদ্দেশে রওয়ানা দেয়। এতে বাংলাদেশি ২৫ জন নাবিক ও প্রধান প্রকৌশলীর স্ত্রী রয়েছেন। তারা সুস্থ আছেন। ২২ মার্চ তারা ওমান থেকে বিমানে সরাসরি চট্টগ্রামে ফিরবেন বলে জাহান মণি'র মালিক প্রতিষ্ঠান ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের মহাব্যবস্থাপক মেহেরুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে দ্বিতীয় প্রকৌশলী মঈন উদ্দিন আহমেদের সঙ্গে স্যাটেলাইট টেলিফোনে কথা বলেন তার স্ত্রী সারজিনা চৌধুরী লিজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্বামীর সঙ্গে তিন মিনিট কথা বলেছি। এসময় কুশল বিনিময় ছাড়া তাদের ভাল থাকার বিষয়ে এবং দ্রুত দেশে ফেরা নিয়ে কথা হয়েছে। গত ৫ ডিসেম্বর আরব সাগরে জাহাজটি ছিনতাই হয়। ১১ ডিসেম্বর সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাকাডের কাছাকাছি স্থানে জাহাজটি নোঙর করে জলদস্যুরা। ১০০ দিন পর স্বামীর মুক্তির বিষয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিজা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "খুবই খুশি লাগছে। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।" এ সময় তিনি জাহাজটির মালিকপক্ষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। কিছুদিন আগে মঈনুদ্দিন একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন। জিম্মি থাকায় এখনো সন্তানের মুখ দেখা হয়নি তার। লিজা জানান, সন্তানকে দেখা এবং স্বজনদের মাঝে ফিরে আসার জন্য তার স্বামী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এদিকে সদ্য মুক্ত জাহাজের কনিষ্ঠতম ডেক ক্যাডেট শাহরিয়ার রাব্বী তার মায়ের সঙ্গে টেলিফোনে আট মিনিট কথা বলেন। রাব্বীর মা বিলকিস রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর সাড়ে ১২টায় আমার ছেলের সঙ্গে কথা বলেছি। আল্লাহর হাজার শুকরিয়ায় আমার ছেলেসহ অন্যরা মুক্ত হয়েছে। তার সুস্থ হয়ে ফিরে আসার প্রতীক্ষায় আছি।" 'মুক্তির আনন্দে খুশি' তবে 'সুস্থভাবে ফিরে আসার অস্থিরতায়' আছেন মুক্ত নাবিক জাহান মণি'র মুখ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ আব্দুল্লাহ মজুমদারের স্ত্রী ফারজানা আক্তার। দুপুরে নগরীর জাকির হোসেন সড়কের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং কয়েকটি ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে এভাবেই তার অনুভূতি প্রকাশ করেন। এসময় পাশে ছিলেন আব্দুল্লার মা শাহেনারা বেগম, চার বছর বয়সী মেয়ে নাফিউর নাওয়ান। ২ ফেব্র"য়ারির পর স্বামীর সঙ্গে আর কোনো কথা হয়নি উল্লেখ করে ফারজানা বলেন, "গত ৯৯ দিন ছিলো উদ্বেগ-উৎকণ্ঠা ও অস্থিরতার। আর আজকেরটি 'আনন্দের অস্থিরতা'।" আব্দুল্লাহর মা শাহেনারা বেগম বলেন, "এতো দ্রুত মুক্তি পাবে তেমন আশা আমাদের ছিলো না। প্রতিদিনই আল্লাহকে ডেকেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/কেএমএস/১৭৩৪ ঘ.