ব্রাহ্মণবাড়িয়া, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ায় পৌর নির্বাচনকে কেন্দ্র করে বিরাসা গ্রামে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।
এ সময় ২০টি ঘর-বাড়িতে আগুন দেয় প্রতিপক্ষের সমর্থকরা। সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
রোববার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শী রহিস মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৌর নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে রোববার তিন নম্বর ওয়ার্ডের খবির উদ্দিন ও আক্তার কমিশনারের দুই সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রাতে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নির্বাচনে এই দুই প্রার্থীর কেউই জিততে পারেনি।
বিরাসার গ্রামের মো. ইয়াকুব মিয়া জানান, সোমবার সকাল আটটা থেকে পুনরায় দু'পক্ষের কয়েক হাজার লোক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দু'পক্ষের অন্তত ৫০ জন আহত ও ২০টি ঘর বাড়িতে আগুন দেওয়া হয়।
আহতরা মামলা ও গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহীদ সারোয়ার সাংবাদিকদের জানান, পুলিশ ও দাঙ্গা পুলিশ তিন ঘণ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ২০ রাউন্ড টিয়ারসেল ও শট গানের গুলি নিক্ষেপ করা হয়।
সংঘর্ষে জড়িত সন্দেহে আট জনকে আটক করা হয়েছে বলে জানান এএসপি।
স্থানীয়রা জানান, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন তারা।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই দু'পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৫৩১ ঘ.
bdnews24