চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাঁচলাইশ থানাধীন কালামিয়া বাজার এলাকার একটি মুরগি খামারের বার্ড ফ্লু আক্রান্ত পাঁচ হাজার দুইশ' মুরগি নিধন করেছে প্রাণিসম্পদ বিভাগ।
শুক্রবার ওই খামারের মুরগিতে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাস শনাক্ত হওয়ার পর শনিবার রাতভর এসব মুরগি মাটিতে পুতে ফেলা হয়।
পাঁচলাইশ থানার প্রাণিসম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সুপন নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালামিয়া বাজার এলাকার মো. মহসীনের 'নূর পোল্ট্রি ফার্মে ' গত বৃহস্পতিবার কয়েকটি মুরগি মারা যাওয়ার পর মালিক তাদের সঙ্গে যোগাযোগ করেন।
বৃহস্পতিবারই ওই খামার থেকে মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। নমুনায় বার্ড ফ্লু শনাক্ত হওয়ায় আবারো নমুনা সংগ্রহ করে ফেনী আঞ্চলিক পরীক্ষাগারে পাঠানো হয়।
সেখানেও একই ফল পাওয়া গেলে সরকারি নিয়ম অনুযায়ী শনিবার রাতে পুলিশ, জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মুরগি নিধন করা হয় বলে জানান সুপন নন্দী।
খামারটিতে ৩২ মাস বয়সী পাঁচ হাজার পাঁচশ লেয়ার জাতের মুরগি ছিলো। বৃহস্পতি ও শুক্রবার তিনশ মুরগি মারা যায় বলে জানান এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/এইচএ/২২০০ঘ.
bdnews24