২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আটকেপড়াদের ফেরত আনতে বিমানের ফ্লাইট চালু

লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতার কারণে মিশর ও তিউনিসিয়া সীমান্তে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতার কারণে মিশর ও তিউনিসিয়া সীমান্তে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা শুরু করেছে। রোববার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আটকেপড়াদের ফিরিয়ে আনতে সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা-জেদ্দা, ঢাকা-দুবাই, এবং ঢাকা-আবুধাবি রুটে চলাচলকারী ফ্লাইটগুলো ফিরতি যাত্রায় আটকেপড়াদের মিশরের আলেক্সান্দ্রিয়া থেকে বহন করে দেশে নিয়ে আসবে। রোববার বিমানের প্রথম ফ্লাইটে মিশরের আলেক্সান্দ্রিয়া থেকে ২৯৭ জন বাংলাদেশি দেশে ফেরেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। লিবিয়ায় গত কয়েক সপ্তাহের সরকার বিরোধী আন্দোলনের কারণে কয়েক হাজার বাংলাদেশি ইতোমধ্যে দেশে ফিরেছেন। আরো কয়েক হাজার বাংলাদেশি দেশে ফেরার প্রতীক্ষায় আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২১০০ ঘ.