মাদারীপুর, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈর উপজেলায় ডাকাতরা এক গৃহবধূকে ধর্ষণ করেছে।
তারা বাড়িটি থেকে লক্ষাধিক টাকার মালামালও লুট করে বলে পরিবারের সদস্যরা জানান।
শনিবার গভীর রাতে দক্ষিণ আড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূকে (৩২) মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তার স্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে সশস্ত্র ডাকাতরা দরজা ভেঙে ঘরে ঢোকে। তারা অস্ত্রের ভয় দেখিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করে।
যাওয়ার সময় এক ভরি স্বর্ণালঙ্কার, ২৫ হাজার টাকা, পাঁচটি মোবাইল ফোন সেটসহ মূলবান মালামাল লুট করে।
পেশাগত কারণে ওই গৃহবধূর রং মিস্ত্রী স্বামী ঢাকায় থাকেন বলে জানান।
হাসপাতালে গৃহবধূ বলেন, ডাকাতরা তার নাকের কাছে কী যেন ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান বলেন, "ঘটনাটি আমি শুনেছি। তবে ধর্ষিতা ও ক্ষতিগ্রস্ত পরিবার থেকে এখনো থানায় অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।"
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল জব্বার বলেন, গৃহবধূর বর্ণনা অনুযায়ী প্রাথমিকভাবে তাকে শ্লীলতাহানি দেখিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পরীক্ষার ফলাফল ছাড়া এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৭ ঘ.
bdnews24