ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সানাউল্লাহ নূর হত্যা মামলার ১১ আসামিকে জামিন দেওয়ার এক সপ্তাহের মাথায় নিজের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এক হাইকোর্ট বেঞ্চ।
ওই ১১ আসামির জামিন কেন বাতিল করা হবে না- তা জানাতে আসামিদের দুসপ্তাহ সময় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. শামসুল হুদা ও বিচারপতি আবু বকর সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ রোববার এ স্ব-প্রণোদিত আদেশ দেয়।
ওই বেঞ্চ থেকেই গত ৬ মার্চ জামিন পান সানাউল্লাহ হত্যামামলার ১১ আসামি। নাটোর কারাগারে থাকা ওই আসামিরা গত ১০ মার্চ মুক্তি পান।
ছয় মাসের অর্ন্তর্বতীকালীন জামিন পওয়া ১১ আসামি হলেন- রাসেল ওরফে রাপ্পু, বাদশা মণ্ডল, আশরাফুল ইসলাম, লুৎফর রহমান, রেজাউল করিম, হাশেম মৃধা, গৌতম ঘোষ, আব্দুল খালেক, মো. হাবিব, বাবলু মোল্লা ও বাবু মোল্লা।
গত বছরের ৮ অক্টোবর বনপাড়া বাজারে পিটিয়ে ও কুপিয়ে সানাউল্লাহ বাবুকে হত্যা করা হয়। আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীরা ওই হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। বিএনপি নেতা সানাউল্লাহ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।
নিহতের স্ত্রী মহুয়া নূর এ ঘটনায় বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ ৪৭ জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় একটি মামলা করেন।
পরে ২৮ অক্টোবর নাম উল্লেখ করে আরও ২৮ জনের বিরুদ্ধে রাজশাহী রেঞ্জের ডিআইজির কাছে সম্পূরক অভিযোগ দাখিল করেন তিনি।
বর্তমানে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আহম্মদ আলী মামলাটির তদন্ত করছেন। ঘটনার পাঁচ মাস পরও আদালতে তদন্ত প্রতিবেদন দিতে পারেননি তিনি।
জামিন পেয়ে হুমকি
বড়াইগ্রাম উপজেলা পরিষদ শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানানোর পর মুক্তিপ্রাপ্তদের নিয়ে বনপাড়া বাজারে সংবর্ধনা সভার আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। সেখানে শ্রদ্ধা জানানোর পর হত্যা মামলার প্রধান আসামী জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।
জাকির বলেন, "আমরা যে বাবু হত্যার সঙ্গে জড়িত ছিলাম- তা সাত দিনের মধ্যে বনপাড়ার ব্যবসায়ীদের প্রমাণ করে দিতে হবে। নইলে আমরা শপথ করছি, সাত দিন পর আমরা তাদের বিচার করবো।"
সংবর্ধনা সভায় সভাপতির বক্তব্যে এ মামলার চার নম্বর আসামি খোকন মোল্লা বলেন, "সাত দিন নয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তারা আমাদের জন্য কি করে তা দেখাতে হবে। নইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বনপাড়া পৌর আওয়ামী লীগের আহ্বায়ক খোকন মোল্লার সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক জাকির হোসেন, সাবেক ছাত্র নেতা মোয়াজ্জেম হোসেন ও যুবলীগ নেতা সামসুজ্জোহা।
হুমকি তদন্তের নির্দেশ
জামিনে মুক্তির পর সংবর্ধনায় আসামিদের দেওয়া হুমকি বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে আদালত বিষয়টি তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের নিবন্ধকের মাধ্যমে প্রতিবেদন দিতে নাটোর জেলা পুলিশ সুপারকে (এসপি) করতে নির্দেশও দিয়েছে রোববার।
আগামী ২৮ মার্চ এই রুলের উপর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। একইদিন অর্ন্তর্বতীকালীন জামিনের সঙ্গে দেওয়া স্থায়ী জামিন সংক্রান্ত রুলের শুনানিও হবে।
শুনানিতে আদালত বলে, সহ-আসামি হওয়ার কারণে এদের জামিন দেওয়া হয়েছে। তবে জামিনের কপিতে বলা হয়েছে, জামিন সুবিধার কোনো অপব্যবহার করলে নিু আদালত ওই জামিন বাতিল করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/এমআই/পিডি/২২৩৭ ঘ.
bdnews24