ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মটর সাইকেল আরোহী মারা গেছে।
রোববার দুপুর আড়াইটার দিকে সড়ক ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. গিয়াস উদ্দিন (৬৫) একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলে পুলিশ জানায়।
শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গিয়াস মটর সাইকেলে চড়ে মোহাম্মদপুরে বাসায় ফিরছিলেন। মিরপুরগামী একটি বাস ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
গিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গিয়াস পশ্চিম ধানমণ্ডির মনিকা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।
বাসটি থানায় আটক বলে পুলিশ জানায়।
গত দুদিনে রাজধানীতে গাড়ির ধাক্কায় মা ও মেয়েসহ তিনজন মটর সাইকেল আরোহী মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮২৫ ঘ.
bdnews24