২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া পরিস্থিতিএ পর্যন্ত ফিরেছেন সাড়ে ১৩ হাজার

লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত মোট ১৩ হাজার ৪২৯ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে ফিরে এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 06:53 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে শনিবার পর্যন্ত মোট ১৩ হাজার ৪২৯ জন বাংলাদেশি নাগরিক সেখান থেকে ফিরে এসেছেন। শনিবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, এই ১৩ হাজার ৪২৯ জনের মধ্যে ১০ হাজার ১৪২ জন ফিরেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায়। আর ৩ হাজার ২৮৭ জন ফিরেছেন বিদেশি চাকরিদাতাদের সহায়তায় বা নিজেদের উদ্যোগে। মুস্তফা কামাল বলেন, "আইওএম আমাদের জানিয়েছে, ২১ মার্চের মধ্যে মোট ১৯ হাজার ৬৪ জনকে ফিরিয়ে আসতে সহযোগিতা দেবে তারা।" শুক্রবার পর্যন্ত প্রায় ১৬ হাজার বাংলাদেশি লিবিয়া থেকে সীমান্ত অতিক্রম করে তিউনিসিয়ায় আশ্রয় নিয়েছেন বলে জানান তিনি। এছাড়া মিশর সীমান্তে দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন আরো ৩ হাজার ৯২ জন বাংলাদেশি। লিবিয়া থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার কাজ তদারক করতে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি শনিবার সকালে মিশরের উদ্দেশে রওনা হন। তাকে বহনকারী কাতার এয়ারওয়েজের ফ্লাইটটি সকাল আটটার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ৩০০ জন বাংলাদেশিকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি মিসরের আলেকজান্দ্রিয়া ছেড়ে আসার সময় পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থাকবেন বলে ভারপ্রাপ্ত সচিব জানান। রোববার বিকাল সোয়া ৫টায় বিমানের ফ্লাইটটি ঢাকা পৌঁছানোর কথা। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসও মিশর ও তিউনিসিয়া সফরের উদ্দেশে শুক্রবার ঢাকা ত্যাগ করেন। তিনি বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার জন্য তিউনিসিয়া সরকারকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাবেন। মুস্তফা কামাল জানান, বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যয় ভাগাভাগির বিষয়ে সরকারের পক্ষ থেকে আইওএমকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ সরকার এ কাজে কতো টাকা ব্যয় করবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১৯৩৪ ঘ.