ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে বেসামরিক বাংলাদেশিদের হত্যা বন্ধে সর্বোচ্চ সংযম প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
ভারতের নয়া দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএএফ) ও বর্ডার গার্ডস বাংলাদেশের (বিজিবি) ৩৩তম বৈঠক শেষে শনিবার এক যৌথ সংবাদ সম্মেলনে বিএসএসের মহা পরিচালক রমন শ্রীবাস্তব এ প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, "আমরা সীমান্তে সর্বোচ্চ সংযম দেখিয়ে যাবো। পাশাপাশি কয়েকটি পয়েন্টে জওয়ানদের প্রাণঘাতি নয়-এমন অস্ত্র সরবরাহ করা হবে।"
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলামও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। গত বুধবার শুরু হওয়া এ সম্মেলন ২১ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেন তিনি।
কুড়িগ্রাম সীমান্তে ফেলানি হত্যার দুই মাসের মাথায় বিজিবি-বিএসএফ বৈঠকে বিএসএফের হাতে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যার বিষয়টি প্রাধান্য পায়।
গত ৭ জানুয়ারি কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার সময় কাঁটাতারের বেড়ায় আটকে পড়া ফেলানীকে (১৫) গুলি চালিয়ে হত্যা করে বিএসএফ সদস্যরা।
ওই ঘটনার পর আন্তর্জাতিক মহলে বিএসএফের ভূমিকার কঠোর সমালোচনা হয়।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, "আমরা চাই, বিএসএফ সবার মানবাধিকারের প্রতি সম্মান দেখাক।"
ফেলানি হত্যার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, "ওই ঘটনার পর বাংলাদেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। আমরা আশা করবো, এখন থেকে পরিস্থিতির উন্নতি হবে এবং বাংলাদেশ-ভারত সীমান্ত হবে একটি শান্তিপূর্ণ স্থান।"
শ্রীবাস্তব জানন, তিনি সীমান্তে টহল জোরদার করার বিষয়ে বিজিবি প্রধানকে অনুরোধ জানিয়েছেন। বিজিবি-বিএসএফ সহযোগিতা বৃদ্ধির মাধ্যেমে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধের ঘটনা অনেকটা কমিয়ে আনা সম্ভব বলেও মত প্রকাশ করেন তিনি।
মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে বাংলাদেশ-ভারত সীমন্তে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে অন্তত ৭৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ৭২ জন।
এ ছাড়া গত ডিসেম্বরে নিউইয়র্কভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ বছরে কেবল পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তেই বিএসএফের হাতে নিহত হয়েছে অন্তত ৯০০ বাংলাদেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএম/জেকে/২৩৪৬ ঘ.
bdnews24