২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'খাদ্য কর্মকর্তাকে পেটালো ইউপি চেয়ারম্যান'

খাদ্য কর্মকর্তাকে মারধর করার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার এক ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 04:59 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

লালমনিরহাট, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য কর্মকর্তাকে মারধর করার অভিযোগে লালমনিরহাটের আদিতমারী উপজেলার এক ইউপি চেয়ারম্যানসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার আদিতমারী থানায় করা এ মামলায় আসামি করা হয় কমলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত আলীসহ ১৫ জনকে। অপর আসামিদের নাম পুলিশ জানায়নি। মামলার নথি থেকে জানা যায়, আদিতমারীর কমলাবাড়ি, পলাশী ও ভেলাবাড়ি ইউনিয়নে খোলাবাজারে চাল বিক্রির (ওএমএস) জন্য ডিলার নিয়োগের দরখাস্ত আহবান করে উপজেলা খাদ্য অফিস। আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ মার্চ) ডিলার নিয়োগ চূড়ান্ত করা হয়। তলিকায় কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত আলীর পছন্দের ব্যক্তি না থাকায় ওইদিনই তিনি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু তালেবকে গালাগাল দেন। এরপর দুপুরে হোটেলে খেতে গেলে শওকত আলী লোকজন নিয়ে তাকে মারধর করেন। এ সময় খাদ্য অফিসের পিয়ন শহীদুল ইসলাম রিপনকেও তারা মারধর করে। আদিতমারী থানার ওসি মাহফুজার রহমান বলেন, তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি মীমাংসার বৃহস্পতিবার ও শুক্রবার আমরা বসেছিলাম। দু'দিনই কমলাবাড়ির চেয়ারম্যান না আসায় বিষয়টি সুরাহা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খালেদুর রহমান বলেন, সরকারি কর্মকর্তাকে মারধরের বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উপজেলা খাদ্য কর্মকর্তা আবু তালেব বলেন, উপজেলা ডিলার নিয়োগ কমিটি সঠিকভাবে ডিলার নিয়োগ করায় এবং ওই চেযারম্যানের 'অবৈধ' তদবির না রাখার কারণে আমাকে লাঞ্ছিত করা হয়। কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান শওকত আলীর মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। খাদ্য অফিসের পিয়ন রিপন জানান, ওইদিন অফিসে গিয়ে চেয়ারম্যান ও তার লোকজন স্যারকে অকথ্য ভাষায় গালাগাল দেয়। পরে হোটেলে গেলে তারা স্যার ও আমাকে জুতাপেটা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫২ ঘ.