নোয়াখালী, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত নারী উন্নয়ন নীতি বিরোধী মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষে নোয়াখালীতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা সদরে শনিবার বিকালে এ সংঘর্ষ চলাকালে পুলিশ লাঠিপেটা ও ১৫ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
মিছিলকারীদের মধ্য থেকে কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত সেক্রেটারি বেলায়েত হোসেনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অন্যরা হলেন- জামায়াত নেতা মহিউদ্দিন, জহুরুল ইসলাম, বসুরহাট ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুর রব ও মাদ্রসা শিক্ষক বেলায়েত হোসেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বিকাল ৫টার দিকে বসুরহাটের উপজেলা জামে মসজিদের সামনে থেকে ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে প্রস্তাবিত নারী-পুরুষ সমঅধিকার আইনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
এরপরও তারা সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
এ সময় উভয়পক্ষের মধ্যে অন্তত আধাঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
এরপর ১৫ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রয়েছেন- কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আকরাম হোসেন ও মোশাররফ হোসেন, সহকারী উপ-পরিদর্শক মান্নান ও মমিন এবং নায়েক ছালেহ আহম্মদ, কৃষ্ণ চাকমা ও সোহাগ।
মিছিলকারীদের মধ্যে আহতদের মধ্যে রয়েছেন- মাহাদী (১৮), বুলবুল (২২), জুবায়ের (২৫), শাহীন (২২), হেদায়েত উল্লা (২১), নূর উদ্দিন (১৮), নিজাম উদ্দিন (২৪), সাইফুল ইসলাম (২২), আবদুর রব (৫০), বেলায়েত হোসেন (৩৮), জহুরুল ইসলাম (৩৮), মহি উদ্দিন (৩৫) ও বেলায়েত (৩২)।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, মিছিল থেকে পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে এবং লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স
bdnews24