নয়া দিল্লি, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ-ভারত সীমান্তের একটি চেকপোস্টে প্রতীকী প্রত্যাহার অনুষ্ঠান করতে সম্মত হয়েছে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী।
ভারতের নয়া দিল্লিতে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৩তম বৈঠক শেষে দুই বাহিনীর প্রধান সাংবাদিদের এ সিদ্ধান্ত জানান শনিবার।
বেনাপোল-পেট্রাপোল সীমান্তের ওই যৌথ চেকপোস্টে এ অনুষ্ঠান করা হবে। বিএসএফ ও বিজিবি প্রধানরা জানান, দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে আস্থা বাড়ানোর পদেক্ষপ হিসাবে এটি প্রত্যাহার করা হচ্ছে।
ভারতের পাকিস্তান সীমান্তের ওয়াগাহ-আত্তারির যৌথ চেকপোস্টেও এরকম প্রতীকী প্রত্যাহার অনুষ্ঠান হচ্ছে ১৯৫৯ সাল থেকে।
প্রতিদিন বিকালে দুই পক্ষের সেনাদের প্যারেডের পর দুই দেশের পতাকা অবনমিত করা হয়। এরপর দুই পক্ষের ফটকে একজন করে সেনা অবস্থান নেন। সূর্যাস্তের সময় দুটি ফটকই খুলে দেওয়া হয়। এরপর দুদেশের পতাকা নামিয়ে গুছিয়ে রাখা হয়। এরপর দুসেনার হাত মেলানোর মধ্য দিয়ে প্রত্যাহার অনুষ্ঠান শেষ হয়।
পুরো অনুষ্ঠানটি হয় ৪০-৪৫ মিনিট। এই অনুষ্ঠানটি দুদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছে বেশ আকর্ষক হয়ে উঠেছে।
প্রত্যাহার অনুষ্ঠানের কর্মসূচি চূড়ান্ত করতে একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন বিএসএফ প্রধান রমণ শ্রীবাস্তব ও বিজিবি প্রধান মেজর জেনারেল রফিকুল ইসলাম। কমিটির প্রস্তাব তারা নিজ নিজ দেশের সরকারকে জানাবেন।
রমণ শ্রীবাস্তব বলেন, ওয়াগাহ-আত্তারাই চেকপোস্টের মতো বেনাপোল-পেট্রাপোল সীমান্তও পর্যটকদের জন্য আকর্ষণের জায়গায় পরিণত হবে বলে আমরা আশা করি।
বিএসএফ'র সদরদপ্তরে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর প্রধানরা।
বিএসএফ-বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্ত্রীদের সফর বিনিময়েও একমত হয়েছে বাহিনী দুটি।
বিএসএফ-প্রধান বলেন, ঊর্ধ্বতন বিজিবি কর্মকর্তাদের বিএসএফ'র প্রশিক্ষণ পর্যবেক্ষণে পাঠাতে সম্মত হয়েছেন বিজিবি-প্রধান।
"আমাদের প্রশিক্ষণ সুবিধা যদি তাদের [বিজিবি] কাজে বলে তারা মনে করে তাহলে আমরা সহায়তা করতে প্রস্তুত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০১৪ ঘ.
bdnews24