চট্টগ্রাম, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমালি জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া জাহাজ এমভি জাহান মণি ও জিম্মি ২৬ বাংলাদেশি রোববার রাত অথবা সোমবার সকালে মুক্তি পাচ্ছেন।
শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত সচিব মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "জাহাজে জিম্মি ২৫ বাংলাদেশি নাবিক ও জাহাজের প্রধান প্রকৌশলীর স্ত্রী সুস্থ ও নিরাপদে আছেন। রোববার রাত অথবা সোমবার সকালে তাদের মুক্তি দেওয়া হবে বলে আশা করছি আমরা।"
তিনি জানান, ২৬ বাংলাদেশিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো একটি বন্দরে নামিয়ে দেওয়া হবে। সেখান থেকে পরে তারা দেশে ফিরবেন। আর নতুন কয়েকজন নাবিক জাহান মণিকে গ্রিসে নিয়ে যাবেন।
জিম্মি বাংলাদেশিদের কোন বন্দরে মুক্তি দেওয়া হবে নিরাপত্তার খাতিরে তা প্রকাশ করেননি ভারপ্রাপ্ত সচিব।
চট্টগ্রামের ব্রেভ রয়েল শিপিং ম্যানেজমেন্ট লিমিটেডের এই জাহাজটি গত ৫ ডিসেম্বর আরব সাগরে ছিনতাই হয়। ১১ ডিসেম্বর সোমালিয়ার উপকূলীয় গ্রাম গারাকাডের কাছাকাছি জাহাজটি নোঙর করে মুক্তিপণ দাবি করে জলদস্যুরা।
মুস্তফা কামাল জানান, ইন্দোনেশিয়া থেকে ৪৩ হাজার ১৫০ টন নিকেল নিয়ে গ্রিসে যাওয়ার পথে জলদস্যুদের কবলে পড়ে জাহান মণি।
জলদস্যুরা মালামালসহ জাহাজটি ছেড়ে দিচ্ছে জানিয়ে তিনি বলেন, মুক্ত হওয়াার পর জাহাজটি খালাসের জন্য গ্রিসে নিয়ে যাওয়া হবে।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া প্রতিটি জাহাজ ছাড়িয়ে আনতে গড়ে ৯০ দিন সময় লাগে। ২০১০ সালে এই সময় বেড়ে ১৪৩ দিনে দাঁড়ায়।
তবে জাহান মণির ক্ষেত্রে ১০০ দিনের মধ্যেই এটা সম্ভব হচ্ছে বলে মন্তব্য করেন মুস্তফা কামাল।
জলদস্যুদের কতোটাকা মুক্তিপণ দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।"
অবশ্য ব্রেভ রয়েল কর্তৃপক্ষ শুক্রবার জানায়, মুক্তিপণ দিয়েই জাহাজটি মুক্ত করা হচ্ছে। এরই মধ্যে জাহান মণিকে নিয়ে আসার জন্য নতুন ২৬ নাবিকের নিয়োগ প্রক্রিয়াও চূড়ান্ত করা হয়েছে।
জিম্মি নাবিক শাহরিয়ার রাব্বীর মা বিলকিস রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মালিকপক্ষ তিন থেকে চারদিনের মধ্যে জাহাজ ও নাবিকদের মুক্তি পাওয়ার কথা জানিয়েছে। তারা জিম্মি অবস্থায় নাবিকদের তোলা ছবিও আমাদের সরবরাহ করেছে।"
ব্রেভ রয়েলের কর্মকর্তা ক্যাপ্টেন গোলাম মোস্তফা শুক্রবার জানান, মুক্তির পর নাবিকদের ফিরে আসতে আরও ১০ থেকে ১২ দিন সময় লাগবে। দ্রুততম সময়ের মধ্যে নাবিকদের ফিরিয়ে আনতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, সোমালি জলদস্যুরা ২০১০ সালে বিভিন্ন দেশের মোট ৫৩টি জাহাজ ছিনতাই এবং ১ হাজার ১৮১ জন নাবিককে জিম্মি করে। মুক্তিপণের দাবিতে এই সময়ে অন্তত আটজনকে হত্যা করে তারা।
গত ডিসেম্বরে জাহান মণি ছিনতাই হওয়ার মাসে দুই বাংলাদেশি নাবিক সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পান। তারা জার্মানের একটি জাহাজে ছিলেন। গত মে মাসে তাদের জাহাজটি ছিনতাই হয়। মুক্তির পর দুই নাবিক ইতোমধ্যে দেশেও ফিরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমসি/জেকে/১৯৫৬ ঘ.
bdnews24