ভোলা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা সদর উপজেলা সংলগ্ন মেঘনা নদী থেকে শুক্রবার সাড়ে তিন লাখ চিংড়ি পোনা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
পরে ওই পোনা মেঘনায় অবমুক্ত করা হয়।
এ ঘটনায় একটি ট্রলারসহ সাতজনকে আটক করলেও পরে ছেড়ে দেওয়া হয় বলে কোস্টগার্ড জানায়।
কোস্টগার্ড দক্ষিণ জোন কমান্ডার তৌহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুরে বিশ্বরোড় এলাকায় নদীতে চিংড়ি পোনাবাহী একটি ট্রলারসহ সাতজনকে আটক করা হয়। ট্রলারে ছিল ৩৫০ পাতিল বাগদা চিংড়ি পোনা।
ওই ৩৫০ পাতিলে তিন লাখ ৫০ হাজার পোনা ছিল। পরে চিংড়ি পোনাগুলো তেঁতুলিয়া নদীতে অবমুক্ত করা হয় বলে তিনি জানান।
কোস্টগার্ড কমান্ডার আরো জানান, আটককৃতরা জানিয়েছে- তারা নোয়াখালী থেকে নৌপথে খুলনায় এসব রেনু নিয়ে যাচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৪ ঘ.
bdnews24