২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বকেয়া বেতন দাবিতে পোশাক শ্রমিক বিক্ষোভ

গাজীপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2011, 01:20 PM

Updated : 24 Aug 2022, 02:40 PM

গাজীপুর, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। শনিবার সকালে তারা কর্মবিরতি শুরু করে এবং এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় ওই মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন জানান, চন্দ্রা (পল্লীবিদ্যুৎ) এলাকায় 'মোতমাইন সোয়েটার লিমিটেড' নামের একটি কারখানার শ্রমিকরা শনিবার সকালে কাজে যোগ দেয়। এরপর তারা জানতে পারে, মালিক তাদের ফেব্র"য়ারি মাসের বেতন পরিশোধ না করে গাজীপুর সদর এলাকায় আরেকটি কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধ করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ফেব্র"য়ারির বেতন দাবিতে কর্মবিরতি শুরু করে ও কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা সকাল ১০টার দিকে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ১ঘণ্টা অবরোধের ফলে সড়কের উভয় দিকে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। কালিয়াকৈর থানা পুলিশ ও গাজীপুর শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়। শ্রমিকরা কারখানার ভিতরে গিয়ে বিক্ষোভ শুরু করলে কারখানার কর্মকর্তারা আগামী সোমবার সকল বেতন পরিশোধের ঘোষণা দেন। দুপুরের পর শ্রমিকরা কাজে যোগদান করে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারখানার ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের বেতন প্রতিমাসের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে পরিশোধ করা হয়ে থাকে। কিছু ভুল বোঝাবুঝির কারণে তারা কর্মবিরতি পালন করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯০৪ ঘ.