ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশের প্রতিনির্ধিদের অংশগ্রহণে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে শুরু হয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন সম্মেলন-২০১১।
শনিবার সকালে আইনজীবী সমিতি ভবন থেকে শোভাযাত্রার মাধ্যমে সম্মেলনের দিনব্যাপী কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রাটি প্রেসক্লাব ঘুরে সুপ্রিম কোর্টে ফিরে আসে।
এরপর পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সম্মেলনের প্রধান অতিথি সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ কে এম সাদেক।
উদ্বোধনী অনুষ্ঠানে সাদেক বলেন, মানুষের বেশ কিছু জন্মগত অধিকার রয়েছে। ধন-সম্পদ, বিদ্যা-বুদ্ধিসহ সব রকমের সামর্থ্য দিয়ে মানুষের সেই সব অধিকার রক্ষায় কাজ করা সবার কর্তব্য।
মানবাধিকার কর্মীরা মূলত মানুষ হিসাবে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।
মানবাধিকার কমিশনের সভাপতি কাজী রেজাউল মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমেদ আল কবীর, বার্তা সংস্থা ইউএনবি'র চেয়ারম্যান আমান উল্লাহ খান, ব্যারিস্টার হারুন অর রশিদ, সিটি ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান ডা. এ এস এম বদরুদ্দোজা প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএম/পিডি/১৭৪৭ ঘ.
bdnews24