বরিশাল, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাসের চাপায় একটি রিকশাভ্যানের চার যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে বানারীপাড়া সড়কের মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদলা গ্রামের লতিফ সরদারের ছেলে হুমায়ন সরদার (৩৫), মজিদ দুয়ারীর ছেলে বাহাদুর দুয়ারী (২৫) ও ভ্যান চালক ফজর আলী গাইনের ছেলে রাজ্জাক গাইন (২৮) এবং বাহাদুর দুয়ারীর শ্যালক মূলাদী উপজেলার হোসেন চৌধুরীর ছেলে সালাউদ্দিন (২০)।
আহত রবীন্দ্র নগর গ্রামের হুজ্জত আলীর ছেলে মানিককে (৩৫) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী ওই সড়কে গাছ ফেলে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ করে দেয় এবং দুটি বাস ভাংচুর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বরিশাল বিমান বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদারীপুর থেকে নেছারাবাদ ছারছীনা শরিফ মাহফিলগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাদলা গ্রামে একটি ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় ভ্যানচালক রাজ্জাক গাইন, যাত্রী বাহাদুর ও তার শ্যালক সালাউদ্দিন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় হুমায়ন।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
বিমান বন্দর থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, ময়না তদন্তের জন্য লাশগুলো বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪০ ঘ.
bdnews24