ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'মমিন দাদু' নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক মডেল মমিন আলী মৃধা দুদিন ধরে নিখোঁজ।
তার বয়স আনুমানিক ১০০ বছর। গায়ের রং ফর্সা। মাথায় সাদা চুল ও মুখে লম্বা দাড়ি রয়েছে। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি।
'মমিন দাদু'র কোনো সন্ধান পেলে মোবাইল ফোনে (নম্বর ০১১৯৬২৪৮১৮৩) অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তার ছেলে হাবিব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাবিব জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় সাভারের সিআরপি শিমুলতলীর বাসা থেকে চা খাওয়ার জন্য বের হয়ে আর ফিরে যাননি মমিন আলী।
এ ঘটনায় শুক্রবার সাভার ও শাহবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
হাবিব বলেন, "আমরা হাসপাতালসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু তাকে পাইনি। চারুকলায় এসে খোঁজ করেও তাকে পেলাম না।"
তরুণ চারুশিল্পী খন্দকার নাসির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সৃজনশীল প্রতিভার অধিকারী ও মুক্তমনা মমিন দাদু কালের সাক্ষী। ব্রিটিশ সরকারের রেল বিভাগে কর্মচারী হিসেবে মমিন তার কর্মজীবন শুরু করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর অধীনে তৎকালীন বার্মার রেঙ্গুনে রেলপথ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন তিনি।"
দেশভাগের পর ঢাকার জেলা প্রশাসকের বাসায় মালী হিসেবে কাজ করতেন মমিন আলী মৃধা। পঞ্চাশের দশকে তৎকালীন 'চারু ও কারুকলা মহাবিদ্যালয়' (বর্তমান চারুকলা অনুষদ) প্রতিষ্ঠার পরপরই শিল্পাচার্য জয়নুল আবেদীনের সঙ্গে তার পরিচয় হয়। শিল্পাচার্য মমিন দাদুকে চারুকলার নিবন্ধিত মডেল হিসেবে নিয়োগ দেন। এরপর প্রায় পাঁচ দশক তিনি চারুকলার মডেল হিসেবে কাজ করেন। এই দীর্ঘ সময়ে চারুকলা পরিবারের সঙ্গে তার এক ধরনের আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।
১৯৯০ এর দশকে বার্ধক্যের কারণে তাকে অবসরে পাঠানো হয়। এরপর থেকে নিজস্ব ডিজাইনের গহনা তৈরি করে চারুকলা অনুষদের সামনে বিক্রি করতেন মমিন দাদু।
মাটি ও সিমেন্টের সঙ্গে রং মিশিয়ে তার তৈরি এসব গহনা সমসাময়িক ফ্যাশনকেও প্রভাবিত করে। মমিন দাদুর ডিজাইনের অনেক গহনা বিভিন্ন বুটিক হাউজেও স্থান পেয়েছে বলে জানান নাসির আহমেদ।
স্বতন্ত্র জীবনচর্চায় অভ্যস্ত মমিন আলী মৃধা ঢাকার সাংস্কৃতিক অঙ্গনের একজন প্রিয় ব্যক্তিত্ব। বিভিন্ন সময়ে পত্র-পত্রিকা ও টেলিভিশনে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৫৩ ঘ.
bdnews24