ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানিয়েছেন।
জাপানে শুক্রবার ৮.৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প ও এর ফলে সৃষ্ট সুনামিতে অন্তত ৬০ জন প্রাণ হারায়। আহত হয় বহু মানুষ। গত দেড়শ' বছরের মধ্যে এটিই জাপানে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
শুক্রবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, "বর্তমান বিশ্বে যখন মারাত্মক অস্থিতিশীলতা বিরাজ করছে, ঠিক তখনই জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রাকৃতিক দূর্যোগে লণ্ডভণ্ড হয়ে যাওয়া মানুষদের ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাভিভূত। ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জাপানবাসীর সঙ্গে আমি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করছি।''
তিনি আরো বলেন, ''আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন জাপানের জনগণকে এই দুর্যোগ মোকাবেলার শক্তি ও সাহস দেন।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩০ ঘ.
bdnews24